শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন

ঘাত-প্রতিঘাত, আন্দোলন-সংগ্রাম, বিসর্জন ও অর্জনের দীর্ঘ পথ পেরিয়ে দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (২০ নভেম্বর) তাঁর জন্মদিন।

মহান মুক্তিযুদ্ধের তিন বছর আগে সেনা কর্মকর্তা জিয়াউর রহমান ও গৃহবধূ খালেদা জিয়ার পরিবারে জন্ম নেন আদরের ‘পিনু’ তারেক রহমান। শৈশব থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠা তাঁর। বাবা রণাঙ্গনে, আর মা খালেদা জিয়ার সঙ্গে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়ানো—কখনো সেনা হেফাজতেও থাকতে হয়েছে তাঁকে।

স্বাধীন বাংলাদেশের বেড়ে ওঠার সাক্ষী হয়েছেন তিনি। দেখেছেন দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশ, সিপাহী-জনতার বিপ্লব এবং বাবার রাজনীতিতে জড়িয়ে পড়া। কৈশোরে পা দেওয়ার আগেই হারান বাবাকে।

মায়ের পাশে থেকে রাজনীতিতে সক্রিয়তা

বাবাকে হারানোর পর মায়ের সঙ্গেই বেড়ে ওঠা তারেক রহমানের। স্বৈরাচারবিরোধী আন্দোলন শেষে বেগম খালেদা জিয়া সরকারপ্রধান হলে মায়ের পাশে ছিলেন তিনি। ২০০১ সালের পর থেকে মূলত পুরোদমে রাজনীতিতে সক্রিয় হন তারেক রহমান। নিজের ভাবনা ও কর্মকাণ্ডের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের পাশাপাশি মা খালেদা জিয়ারও আস্থা অর্জন করেন তিনি।

ক্ষমতার স্বাদ যেমন দেখেছেন, তেমনি দেখেছেন ক্ষমতার পালাবদল। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হন তিনি। কারাগারে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। একপর্যায়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর শুরু হয় দীর্ঘ প্রবাসজীবন ও রাজনৈতিক সংগ্রাম।

প্রবাসে থেকেও নেতৃত্ব দিয়েছেন দলকে

দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন, গুম, খুন, গ্রেপ্তার ও হামলা-মামলার মধ্য দিয়ে কঠিন সময় পার করেছে দলটি। দূর প্রবাসে থেকেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দলের নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা চালিয়ে যান তারেক রহমান।

গত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতিতে ছোট ভাই আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন তিনি। তাঁর মা বেগম খালেদা জিয়াকেও কারাবন্দি থাকতে হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় নেতৃত্বে সক্রিয় ছিলেন তারেক রহমান।

অবশেষে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়। প্রবাসে থেকেই নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন তিনি। এ সময় নিজের নেতৃত্বের অবস্থান আরও সুসংহত করেন।

এরপর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায়

দেশে ফেরার পরপরই মা বেগম খালেদা জিয়াকে হারান তারেক রহমান। এরপর দল ও দেশের দায়িত্ব সামনে রেখে এগিয়ে যান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান।

নির্বাচনের আগে ও পরে দেশজুড়ে তাঁর ধারাবাহিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আলোচনায় আসে। দেশের উন্নয়ন ও পরিবর্তনের নানা পরিকল্পনা নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা নিয়ে নতুন অধ্যায়ের দিকে তাকিয়ে আছে বিএনপি ও দেশের মানুষ।

জন্মদিনে দোয়া ও বিশেষ মোনাজাত

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

এ ছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁর জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন