শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সামাজিক উদ্যোগে পরিবেশ ও সমাজের সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমান বললেন, ‘আলোকিত লালমনিরহাটের’ মতো সংগঠন দেশের ৬৩ জেলায় প্রয়োজন; পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।

পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠন দেশের ৬৩ জেলায় থাকা প্রয়োজন। সামাজিক উদ্যোগের মাধ্যমে এমন অনেক সমস্যার সমাধান সম্ভব, যা শুধু আইন করে সমাধান করা যায় না।

আজ বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামাজিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা

‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের কর্মকাণ্ডের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ৬৩ জেলায় এ ধরনের একটি সংগঠন থাকা প্রয়োজন। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, সব সমস্যার সমাধান সব সময় আইন করে সম্ভব নয়। তবে সমাজের অনেক সমস্যা একটি সংগঠনের মাধ্যমে সামাজিকভাবে উদ্যোগ নিয়ে সমাধান করা সম্ভব।

বিগত সময়ের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, প্রায় দুই যুগের কাছাকাছি সময় ধরে বাংলাদেশ একটি অস্বাভাবিক অবস্থার মধ্যে ছিল। মানুষ ভয়ের মধ্যে বাস করত, তাদের কোনো অধিকার ছিল না। শুধু ভয়ের পরিবেশই নয়, সমাজের বিভিন্ন মানী-গুণী ও সম্মানিত মুরুব্বিদেরও নানাভাবে অপদস্থ করা হয়েছে।

তিনি বলেন, এ দেশের মানুষ গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অবস্থার পরিবর্তন করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে ‘আলোকিত লালমনিরহাটের’ মতো সংগঠন দেশের সব জায়গায় থাকলে সমাজের হারিয়ে যাওয়া মূল্যবোধ আবার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী বলেন, এ সংগঠনের সদস্যদের মধ্যে সব ধর্ম ও বর্ণের মানুষ রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক মতপার্থক্য থাকা ব্যক্তিরাও হয়তো এর সদস্য। সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে পরিবর্তন আনা সম্ভব।

লালমনিরহাটকে পরিচ্ছন্ন জেলা গড়ার আহ্বান

মানুষের আয়-রোজগার ও ব্যবহার্য জিনিসপত্র বাড়ার সঙ্গে সঙ্গে নদী-নালা, খাল-বিল, সবুজ মাঠ, বাজার-ঘাটসহ বিভিন্ন জায়গায় আবর্জনা জমছে বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, আবর্জনা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চারপাশে আবর্জনা থাকলে তা মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সামাজিক কাজের অংশ হিসেবে পুরো জেলাকে আবর্জনামুক্ত করার উদ্যোগ নিতে হবে। সুশৃঙ্খল ও পদ্ধতিগত ব্যবস্থায় মানুষের পরিত্যক্ত আবর্জনা নির্দিষ্ট স্থানে সংগ্রহ করতে হবে। বাকি পুরো এলাকা পরিষ্কার রাখতে হবে। এ উদ্যোগ নেওয়া হলে লালমনিরহাটকে দেশের পরিচ্ছন্নতম জেলাগুলোর একটি হিসেবে গড়ে তোলা সম্ভব।

বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংগঠনের সদস্যরা যেভাবে মাদকাসক্ত ব্যক্তিদের কাউন্সেলিংয়ের মাধ্যমে মাদক থেকে ফেরানোর চেষ্টা করেছেন এবং পারিবারিক বিরোধ মিটিয়ে পরিবারগুলোকে এক করেছেন, একইভাবে ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে কীভাবে আবর্জনা সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করতে হয়।

জন্মদিনে গাছ লাগানোর পরামর্শ

বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষকে গাছের প্রয়োজনীয়তা বোঝাতে পারলে গাছের সংখ্যা বাড়বে। পরিবারের প্রত্যেক সদস্যের জন্মদিনে একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, একটি পরিবারে চার-পাঁচজন সদস্য থাকলে প্রত্যেকেরই একটি জন্মদিন রয়েছে। সবাইকে যদি প্রতিবছর নিজের জন্মদিনে একটি করে গাছ লাগাতে উদ্বুদ্ধ করা যায়, তাহলে স্বাভাবিকভাবেই দেশে বা সংশ্লিষ্ট এলাকায় গাছের সংখ্যা বাড়বে।

তিনি বলেন, আজ একটি মূল্যবান গাছের চারা রোপণ করলে সেটি বড় হয়ে একদিন মূল্যবান সম্পদে পরিণত হবে। কোনো শিশুর বয়স এক, দুই কিংবা তিন বছর হলে তার নামে ২০টি গাছ লাগানো যেতে পারে। ২০ বছর পর গাছগুলো বড় হলে প্রয়োজনে সেগুলো বিক্রি করে ওই শিশুর অর্থনৈতিক প্রয়োজন মেটানো সম্ভব হবে।

গাছের পরিবেশগত উপকারিতা তুলে ধরে তিনি বলেন, বাড়ির আশপাশে যত বেশি বড় গাছ থাকবে, ঘরবাড়ি তত ঠান্ডা থাকবে এবং প্রকৃতির বাতাস উপভোগ করা যাবে। ঝড়-তুফান বা টর্নেডোর সময় বাড়ির আশপাশে বড় গাছ থাকলে সেগুলো ঘরবাড়ি রক্ষায়ও সহায়তা করতে পারে।

পাখি-প্রজাপতিসহ জীববৈচিত্র্য রক্ষার তাগিদ

পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি, প্রজাপতি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষের পাশাপাশি আল্লাহ বিভিন্ন পশুপাখি, জীবজন্তু ও পোকামাকড় সৃষ্টি করেছেন। প্রকৃতির প্রতিটি প্রাণীরই কোনো না কোনো ভূমিকা রয়েছে।

তারেক রহমান বলেন, যাদের বয়স ৩০ বছরের বেশি, তারা ৩০ বছর আগের কথা চিন্তা করে দেখুন। তখন গ্রামেগঞ্জে অনেক বেশি পাখি দেখা যেত। এখন কি আগের মতো পাখি চোখে পড়ে? পড়ে না। গাছপালা কেটে ফেলা, পাখি ধরে রান্না করে খাওয়া কিংবা তাদের আঘাত করার কারণে এমনটি হচ্ছে।

তিনি বলেন, ছোটবেলায় অনেক প্রজাপতি দেখা যেত। এখন প্রজাপতি দেখা যায় কি না, তা নিয়েই প্রশ্ন রয়েছে। গাছপালা ও ফুল কেটে ফেলায় প্রজাপতির সংখ্যা কমে যাচ্ছে।

পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানুষের অস্তিত্বের সম্পর্ক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পুরো পরিবেশ পরিবর্তিত হয়ে যাচ্ছে। পরিবেশ পরিবর্তিত হলে মানুষও ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে।

তিনি বলেন, ‘আসুন, আমরা আমাদের এলাকাটাকে সুন্দর করি, এলাকার পরিবেশটাকে রক্ষা করি। পরিবেশ রক্ষার মাধ্যমে আমরা মানুষকে রক্ষা করি। আসুন, আমাদের এলাকার সঙ্গে সঙ্গে দেশটাকেও রক্ষা করি, দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। শুধু এলাকা নয়, শুধু দেশ নয়, আমরা আমাদের পৃথিবীকেও রক্ষা করি।’

তারেক রহমান বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। তাই সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহর অন্য সব সৃষ্টির প্রতি যত্ন নেওয়া মানুষের দায়িত্ব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, উপপ্রেস সচিব সুজন মাহমুদসহ বিএনপির জেলার নেতাকর্মীরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন