হেলমেট পরা এক ব্যক্তি জানালা ভেঙে প্রশাসনিক কর্মকর্তার কক্ষে পেট্রোলবোমা ছোড়ে; স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, বড় ক্ষয়ক্ষতি হয়নি।
চাঁদপুর সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ এ তথ্য জানিয়েছেন।
যেভাবে হামলা
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন সোহাগ বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর সঙ্গে কথা বলে জানা গেছে, হেলমেট পরা এক ব্যক্তি প্রথমে চেয়ারম্যানের কক্ষের জানালা ভাঙার চেষ্টা করে। পরে প্রশাসনিক কর্মকর্তার কক্ষের জানালা ভেঙে ভেতরে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এ সময় পাশের গ্রাম আদালত কক্ষের সামনেও আগুন দেয় ওই ব্যক্তি।
বিস্ফোরণ ও আগুনের শব্দ শুনে দায়িত্বে থাকা গ্রাম পুলিশ মোহাম্মদ আলী চিৎকার করেন। তার ডাক শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তদন্তে পুলিশ
ওসি ফয়েজ আহমেদ বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

