দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো পাবনা শহর থেকে সরাসরি ট্রেনে ঢাকা যাওয়ার সুযোগ তৈরি হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ চালুর মধ্য দিয়ে এ রুটে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক সূচনা করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে চালু হলো পাবনা থেকে ঢাকার সরাসরি ট্রেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা রেলস্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ঢাকা-পাবনা রুটে ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পর সন্ধ্যা সাড়ে ৫টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
রেল যোগাযোগ উন্নয়নে সরকারের উদ্যোগ
অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলমন্ত্রী বলেন, দেশব্যাপী রেল যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং রেলপথ সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পাবনাবাসীর জন্য এটি নিঃসন্দেহে আনন্দঘন মুহূর্ত। এর ফলে অল্প সময়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর সুযোগ তৈরি হবে। এটি সরকারের অঙ্গীকারের বাস্তবায়ন। এ অঞ্চলের জনগণ নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষা করা হয়েছে।
রেলমন্ত্রী আরও বলেন, দেশের রেলওয়ের মান, যাত্রীসেবা এবং রেলযাত্রার নিরাপত্তা আগামী দিনে আরও উন্নত ও নিশ্চিত করার অঙ্গীকার করছে সরকার।
২১ নভেম্বর থেকে নিয়মিত চলবে ট্রেন
রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর দুপুরে ঢাকা থেকে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ যাত্রা করবে। এরপর ২১ নভেম্বর থেকে এ রুটে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’। অন্যদিকে বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা করবে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এবং রেলসচিব ফাহিমুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
পাবনা থেকে সরাসরি ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। নতুন এ যোগাযোগব্যবস্থার ফলে পাবনাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।

