ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় জননিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে তাঁদের মোতায়েন করা হয়েছে।
কোন এলাকায় কত প্লাটুন
মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় তাঁরা দায়িত্ব পালন করছেন।
গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় মোতায়েন রয়েছেন ১৫ প্লাটুন বিজিবি সদস্য।
এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে ২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
নজরদারিতে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা
বিজিবি জানায়, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

