সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে পৃথক অভিযান চালিয়ে গত আড়াই মাসে ১৭৫ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। একই সময়ে প্রায় ৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ২৬৯ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধ পুশইন ঠেকাতে টহল ও গোয়েন্দা নজরদারিও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন।
শনিবার (২১ নভেম্বর) বেলা দেড়টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ২৬৯ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। একই সময়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে অন্তত ১৭৫ জনকে আটক করেছে বিজিবি।
অস্ত্র, স্বর্ণ ও মাদক জব্দ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ে সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিজিবির বিশেষ অভিযানে ৫৭৫ দশমিক ৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
একই সময়ে পৃথক টহল দল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৫২ বোতল বিদেশি মদ জব্দ করে। এ ছাড়া ৫ হাজার ৯৫৭ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ, ৬ হাজার ৭৪৩ পিস ইয়াবা, ৪৯ কেজি ৭২ গ্রাম গাঁজা এবং ৮ হাজার ৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।
এসব ঘটনায় ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগন থানায় একাধিক মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সীমান্তে নজরদারি জোরদার
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছেন।

