হাসপাতালের ভিড়ে হারিয়ে যাওয়া দুই শিশুকে খুঁজে পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন আনসার সদস্যরা। একই দিনে কুড়িয়ে পাওয়া ব্যাগে থাকা ৭ হাজার টাকা, মোবাইল ফোন ও স্বর্ণের দুলও প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছেন তাঁরা।
হাসপাতালের ব্যস্ততা, স্বজনদের ছোটাছুটি আর অসংখ্য মানুষের ভিড়ে অসতর্কতার কারণে কখনো শিশু স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আবার হারিয়ে যেতে পারে মানুষের কষ্টার্জিত অর্থ ও মূল্যবান সম্পদ। এমন পরিস্থিতিতে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতা, সততা ও আন্তরিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া দুই শিশুকে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগও যথাযথভাবে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
কান্নারত শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের আওতাধীন রমনা থানার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে আরাফাত (৩) নামে এক শিশুকে একাকী কান্নাকাটি করতে দেখেন কর্তব্যরত আনসার সদস্য মো. মনির হোসেন।
তিনি শিশুটিকে সান্ত্বনা দিয়ে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে যান। পরে প্রায় ৪০ মিনিট খোঁজাখুঁজির পর হাসপাতালের পুরাতন ভবনের সামনে শিশুটির মাকে পাওয়া যায়। শিশুটিও তার মাকে শনাক্ত করতে সক্ষম হয়। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাকে নিরাপদে মায়ের কাছে হস্তান্তর করা হয়। সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি ফিরে আসে মায়ের মনে।
কুড়িয়ে পাওয়া ব্যাগে টাকা, ফোন ও স্বর্ণের দুল
একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগের সামনে আরেকটি মানবিক ঘটনার অবতারণা হয়। সেখানে এক ছোট্ট মেয়ে একটি কালো রঙের টাকার ব্যাগ কুড়িয়ে পেয়ে কর্তব্যরত এপিসি মো. জাহিদ ও এপিসি মো. শামীম হোসেনের কাছে জমা দেয়।
পরে ব্যাগটি পরীক্ষা করে এর মধ্যে ৭ হাজার টাকা, একটি টাচ মোবাইল ফোন ও এক জোড়া স্বর্ণের কানের দুল পাওয়া যায়। ব্যাগটি হাসপাতালের আনসার ক্যাম্প ইনচার্জ পিসি শাহাদাৎ হোসেনের কাছে জমা রাখা হয়। যথাযথভাবে মালিকানা যাচাই শেষে ব্যাগের প্রকৃত মালিক ফরিদা ইয়াসমিনের কাছে সব মালামাল বুঝিয়ে দেওয়া হয়। হারানো মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি।
ভাইকে খুঁজে পেল ৮ বছরের শিশু
এর মাত্র ১০ মিনিট পর, বিকেল ৫টা ২০ মিনিটে হাসপাতালের নতুন ভবনের নিচতলায় গ্লাস গেটের সামনে আনসার সদস্য শফিকুল ইসলাম আনুমানিক ৮ বছর বয়সী জুনায়েদ নামে এক শিশুকে একাকী ঘোরাঘুরি করতে দেখেন। শিশুটি তার ভাইকে খুঁজছিল।
বিষয়টি বুঝতে পেরে তিনি শিশুটিকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে আসেন। পরে প্রায় ৩০ মিনিট খোঁজাখুঁজির পর হাসপাতালের পুরাতন ভবনের নিচতলায় তার বড় ভাই আকরাম হোসেনকে পাওয়া যায়। শিশুটিও ভাইকে শনাক্ত করলে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাকে নিরাপদে বড় ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।
দায়িত্বের পাশাপাশি মানবিকতার দৃষ্টান্ত
একই দিনে ঘটে যাওয়া এই তিনটি ঘটনা আবারও প্রমাণ করেছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শুধু নিরাপত্তার দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নন; মানুষের বিপদে পাশে দাঁড়ানো, হারানো স্বজনকে ফিরিয়ে দেওয়া এবং অন্যের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেও আন্তরিকভাবে কাজ করছেন।
জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিকতা, সততা ও দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত মানুষের আস্থা ও ভালোবাসায় বাহিনীর অবস্থান আরও সুদৃঢ় করছে।

