শ্রমবান্ধব বাজেট ও মজুরি বোর্ড গঠনের কথা জানালেন সম্মেলনের বক্তারা
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শ্রমিকদের কল্যাণে শ্রমবান্ধব বাজেট দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
শ্রমিকদের অধিকার নিশ্চিতে সরকারের চেষ্টা
শামা ওবায়েদ ইসলাম বলেন, এ খাত রক্ষার দায়িত্ব সবার। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার শতভাগ চেষ্টা করছে। এ লক্ষ্যে শ্রমবান্ধব বাজেটও দেওয়া হয়েছে।
তবে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যারা জড়িত, তারা দেশকে ধ্বংস করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
মজুরি বোর্ড গঠনের কথা জানালেন মাহদী আমিন
পোশাক খাতে অস্থিতিশীল পরিবেশ তৈরির পেছনে একটি গোষ্ঠীর হাত রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সবার প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল চৌধুরী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে সবার প্রত্যাশা পূরণ হবে। দেশে যেসব ষড়যন্ত্র চলছে, সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণ সোচ্চার রয়েছে।

