রবিবার, ২২ নভেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের বৈঠক

বাংলাদেশ কোস্ট গার্ডকে বিশেষায়িত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার আশ্বাস ইতালির

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমুদ্রসীমায় নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তায় সহযোগিতা

বৈঠকে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টকে বাংলাদেশে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী ইতালীয় নৌবাহিনীর চারটি ‘মিনার্ভা ক্লাস’ কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশ কোস্ট গার্ডকে হস্তান্তরের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি) হিসেবে ব্যবহৃত এসব জাহাজ বঙ্গোপসাগরে বাংলাদেশের নজরদারি ও টহল কার্যক্রমকে বহুগুণ শক্তিশালী করেছে।

নতুন টহল জাহাজ ও সমঝোতা স্মারক নিয়ে আলোচনা

বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল দেওয়ার সক্ষমতা আরও বাড়াতে ভবিষ্যতে উপযুক্ত দেশ থেকে সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয়।

ইতালিতে বিশেষায়িত প্রশিক্ষণের অনুরোধ

পেশাগত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও সাতটি বন্ধুত্বপূর্ণ দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (বিডব্লিউও) এবং মানবপাচার প্রতিরোধ (এএইচটি) কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে। আগামী বছর এ কোর্সে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।

পাশাপাশি বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের জন্য ইতালিতে বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করতে সহযোগিতা কামনা করা হয়। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর), ভিজিট, বোর্ড, সার্চ অ্যান্ড সিজার (ভিবিএসএস), ড্রোন অপারেশন (ইউএভি/ইউএএস) এবং মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস (এমডিএ) ডেটা অ্যানালাইসিস।

কারিগরি সহায়তার আশ্বাস ইতালির

ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস, অ্যারোস্পেস প্রযুক্তি, সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন এবং জলদস্যুতা দমনে ইতালির কোস্ট গার্ডের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া দুই দেশের কোস্ট গার্ড নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাদার বিনিময় কর্মসূচি আয়োজনের মাধ্যমে পারস্পরিক আন্তঃকার্যক্ষমতা বাড়ানোর বিষয়ে একমত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন যারা

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ইতালীয় প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন