রবিবার, ২২ নভেম্বর ২০২৬

এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়তে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন ও বিপণন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। ইউরোপের অনেক দেশ এ খাতের মাধ্যমে অর্থনৈতিকভাবে এগিয়ে গেছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ

প্রধানমন্ত্রী বলেন, মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা এবং দক্ষ জনবলের সংকট এসএমই খাতের উৎপাদন, বিপণন ও বিকাশের প্রধান প্রতিবন্ধকতা। সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং সরকারি-বেসরকারি উদ্যোগের মাধ্যমে এসব সমস্যা দূর করা সম্ভব।

এসএমই খাতের বিকাশে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া তৈরি হয়েছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদন পাবে। এ নীতিমালার লক্ষ্য হবে বাংলাদেশকে উৎপাদনশিল্পের কেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) ও রপ্তানির প্রবেশদ্বার (এক্সপোর্টিং গেটওয়ে) হিসেবে গড়ে তোলা।

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য

তারেক রহমান বলেন, অর্থনীতিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে।

২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ রাখলে চলবে না। একে রপ্তানিমুখী উৎপাদনের অংশ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।

তিনি বলেন, তৈরি পোশাকশিল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে নিজের পরিচিতি তৈরি করেছে। এখন অন্যান্য সম্ভাবনাময় খাতেও উদ্যোক্তাদের অবদান বাড়ানোর সময় এসেছে।

শিল্প ক্লাস্টার গড়ে তোলার ওপর গুরুত্ব

ইতালির উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশটির বিভিন্ন অঞ্চল আলাদা আলাদা পণ্যের জন্য বিখ্যাত। এভাবে শিল্প ক্লাস্টার গড়ে ওঠার মাধ্যমে ইতালি শিল্পোন্নত হয়েছে। দেশটির এসব শিল্পের অধিকাংশই ক্ষুদ্র শিল্প।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বিদেশেও এ ধরনের পণ্যমেলার আয়োজন করতে চায় সরকার। সেখানে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তারা অংশ নেবেন এবং আন্তর্জাতিক ব্যবসায়িক আয়োজনে নিজেদের পণ্য তুলে ধরবেন।

পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ

প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ই-কমার্স ও আধুনিকায়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা দূর করতেও সরকার কাজ করছে।

সরকারের প্রত্যাশা, এসএমই খাতের উৎপাদিত পণ্য ও বিপণন কার্যক্রম দেশের পাশাপাশি বিদেশেও বাজার তৈরি করতে পারবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, চাকরি খুঁজতে বছরের পর বছর পার করা বুদ্ধিমানের কাজ নয়। বরং এসএমই উদ্যোক্তা হয়ে নিজের পাশাপাশি অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা প্রয়োজন।

নারী উদ্যোক্তা তৈরিতে বিশেষ কর্মসূচি

নারী উদ্যোক্তাদের জন্য সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী চার বছরে প্রতিটি জেলায় ১০০ জন করে উদ্যোক্তা তৈরি করা হবে। এ কর্মসূচির মাধ্যমে নতুন ২৫ হাজার উদ্যোক্তা সৃষ্টি হবে।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬ শুরু হয়েছে। মেলা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন