দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯২৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৯৪ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ জনে।
শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত তথ্য থেকে এ হিসাব জানা গেছে।
সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।
বিভাগভিত্তিক মৃত্যুর হিসাব
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেটে ২২১, চট্টগ্রামে ১২৫, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬০ এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালে ভর্তি ও সুস্থতার তথ্য
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন।
হাম শনাক্তের হিসাব নিয়ে সীমাবদ্ধতা
স্বাস্থ্য অধিদফতর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা করা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা নির্ধারণ কঠিন।
অধিদফতরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।

