শনিবার, ২১ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ রাষ্ট্রপতির

শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আগের অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। এসব বিষয় এখন নতুন বাস্তবতা।

শিক্ষাব্যবস্থাকেও এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রযুক্তি ও জ্ঞানের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থা সাজাতে হবে। এআইকে কীভাবে ভালোভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে চিন্তা করতে হবে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির ব্যবস্থাকেও এগিয়ে নিতে হবে।

রাষ্ট্রপতি বলেন, যারা ফ্যাসিবাদকে বিদায় করেছেন, তাদের সত্যিকার অর্থেই বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম অব্যাহত রেখে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

এ জন্য বর্তমান তরুণ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা দেশ ও জাতির উন্নয়নে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীরা যে পরিবর্তন নিয়ে এসেছেন এবং যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে পরিবর্তন ঘটিয়েছেন, তার বাস্তব প্রতিফলন দেখতে চান।

শিক্ষা উন্নয়নে অবদানের কথা স্মরণ

রাষ্ট্রপতি দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও সাক্ষরতা বৃদ্ধিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে শিক্ষা উন্নয়নে বর্তমান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি ঢাকা কলেজের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের আরও দক্ষ, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের আগে ঢাকা কলেজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি ও আয়োজকরা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক আহমেদ কামাল, সংসদ সদস্য ফজলুল হক মিলন ও কামরুজ্জামান রতন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসও অনুষ্ঠানে বক্তব্য দেন।

ঢাকা কলেজ ও ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মীর সরাফত আলী সপু। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন