শনিবার, ২১ নভেম্বর ২০২৬

পাসপোর্ট আবেদনে নয়, প্রত্যর্পণ চুক্তিতে সন্ত্রাসীদের দেশে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পালিয়ে যাওয়া অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের

সন্ত্রাসীদের পাসপোর্ট আবেদনের প্রয়োজন পড়ে না; বরং প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের দাড়িয়াপাড়ায় নিজ বাসার সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পালিয়ে যাওয়া অপরাধীদের দেশে ফেরানোর কথা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আরও অনেক মামলা অপেক্ষমাণ রয়েছে। তাঁর জায়গা কোথায়, তা বাংলাদেশের জনগণ ও দেশের আইনের শাসনব্যবস্থা দেখিয়ে দিয়েছে।

হুমায়ুন কবির বলেন, এ দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করেছে, তাদেরও ধরা হবে এবং আইনের আওতায় আনা হবে।

আওয়ামী লীগ নিয়ে মন্তব্য

আওয়ামী লীগের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল ও পরিবার সব ধ্বংস করেছে; এখন এখানে যারা আছে, তাদেরও ধ্বংস করা শুরু করেছে।’

শুক্রবার ভোরে নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, তাঁর বাসার গেটে আগুন দিয়ে হামলাকারীরা পালিয়ে গেছে। এ প্রসঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান নিয়েও মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, সরকার সহনশীলতার চর্চা করে, তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশে কোনো সন্ত্রাসীর স্থান নেই এবং আওয়ামী সন্ত্রাসীদেরও স্থান হবে না বলে জানান তিনি।

সরকার কোনো চাপে নেই: প্রতিমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্ব উজ্জ্বল। দেশে বৈদেশিক বিনিয়োগ আসছে এবং এমন শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যা মানুষের অধিকার প্রতিষ্ঠা করছে।

তিনি বলেন, এসব দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠী অস্বস্তিতে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা বিলীন হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরতে পারবে না।

এসব কর্মকাণ্ডের কারণে সরকার কোনো চাপে পড়ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, কোনো চাপে পড়েনি। সরকার কেন চাপে পড়বে?’

তিনি আরও বলেন, ‘জয় বাংলা স্লোগান পালিয়ে যাওয়ার স্লোগান; তারা নিজেরাই আতঙ্কিত, কয় সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়। তারা হয় দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, না হয় ধরা খাবে।’


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন