বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভূমিধসে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের, জীবিত উদ্ধার ৪

ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের কাছে মাটিচাপা পড়েন পাঁচ বাংলাদেশি, একজনের মৃত্যু

মালয়েশিয়ায় ভূমিধসের ঘটনায় মাটির নিচে চাপা পড়ে এক বাংলাদেশি নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার বাংলাদেশি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের একজন মাথায় আঘাত পেয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ২টা ৩০ মিনিটের দিকে মালয়েশিয়ার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের বয়স ৪১ বছর।

উদ্ধার অভিযানে এক শ্রমিকের মৃত্যু

সেন্টুল জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার আনোয়ার বাকরি আব্দুল সালাম জানান, হেল্পলাইনের মাধ্যমে সেন্টুল জেলা পুলিশ সদর দপ্তরে খবর পাওয়ার পর জিনজ্যাং ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করা হয়।

উদ্ধারকারী দল মাটির স্তূপের নিচে চাপা পড়া ওই শ্রমিককে উদ্ধার করে। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জীবিত উদ্ধার আরও চার বাংলাদেশি

মধ্যরাতে দেওয়া এক বিবৃতিতে পুলিশ প্রধান জানান, এ ঘটনায় আরও চার বাংলাদেশি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন। চিকিৎসা নেওয়ার পর তিনি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বাকি তিনজন অক্ষত আছেন।

নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রেখে নিয়ন্ত্রণে নেওয়া হয়। পরে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

ভূমিধসের কারণ অনুসন্ধানে তদন্ত

পুলিশ কর্মকর্তা আনোয়ার জানান, ভূমিধসের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। একই সঙ্গে জনসাধারণকে ঘটনাস্থলের আশপাশে না যাওয়ার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন