বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

একাই থাকতেন ৬২ বছর বয়সী লুৎফুর নাহার, হত্যাকাণ্ডের কারণ খুঁজছে পুলিশ

চাঁদপুর শহরের একটি ফ্ল্যাট থেকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় লুৎফুর নাহার (৬২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

চলতি মাসে ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতেন

নিহত লুৎফুর নাহার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ঢালিরঘাট এলাকার নাজির খান বাড়ির মৃত জয়নাল আবেদীন খানের স্ত্রী। তাঁর এক ছেলে ও পাঁচ মেয়ে। ছেলে জাপানপ্রবাসী এবং মেয়েরা স্বামীর বাড়িতে থাকেন।

পরিবার সূত্রে জানা গেছে, চলতি মাসের ১ নভেম্বর নাজিরা কমপ্লেক্সের ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে একাই বসবাস শুরু করেন তিনি।

ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে খোঁজ নিতে বলেন নাতি

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা ফোনে লুৎফুর নাহারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে তাঁর নাতি বাঁধন ভবনের নিরাপত্তাকর্মী দেলোয়ার হোসেন গাজীকে ফোন করে নানির খোঁজ নিতে বলেন।

নিরাপত্তাকর্মী ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিলে সেটি খুলে যায়। ভেতরে ঢুকে খাটের ওপর ওই নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।

দেলোয়ার জানান, ঘটনার সময় তিনি মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়েছিলেন। নাতির ফোন পেয়ে দ্রুত ফিরে ফ্ল্যাটে গিয়ে মরদেহ দেখতে পান। পরে বিষয়টি ভবনমালিককে জানান।

ভবনমালিক আসিফ খান বলেন, রাত পৌনে ৯টার দিকে নিরাপত্তাকর্মী তাঁকে ফোন করে হত্যাকাণ্ডের খবর দেন। দ্রুত বাসায় গিয়ে ওই নারীকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

আলমারি সরবরাহের কথা বলে ফোন করার তথ্য

নিহতের চতুর্থ মেয়ে নাহিদা খান বলেন, তাঁরা গ্রামের বাড়িতে থাকলেও মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। সন্ধ্যার পর একাধিকবার ফোন করেও মাকে না পেয়ে ছেলে বাঁধনকে নিরাপত্তাকর্মীর সঙ্গে যোগাযোগ করতে বলেন।

নিহতের নাতি বাঁধন জানান, কয়েক দিন আগে তাঁর নানি একটি স্টিলের আলমারি কিনেছিলেন। ওই দোকান থেকে ফোন করে জানানো হয়েছিল, আলমারির কিছু কাজ বাকি রয়েছে। তা ঠিক করে দিতে লোক পাঠানো হবে এবং এ জন্য বাসার দরজা খোলা রাখতে বলা হয়েছিল।

তবে পরে দোকানের মালিকের সঙ্গে যোগাযোগ করে তাঁরা জানতে পারেন, দোকান থেকে এমন কোনো ফোন করা হয়নি।

ভবনে সিসিটিভি না থাকায় ক্ষোভ স্বজনদের

নিহতের দেবর বেলাল খান ক্ষোভ প্রকাশ করে বলেন, সাততলা ভবনটিতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। ফলে হত্যাকাণ্ডে কারা জড়িত, তা শনাক্ত করতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া কঠিন হতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন, তদন্তে পুলিশ

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবীর, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ওসি ফয়েজ আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন