ককটেল বিস্ফোরণের পর আসবাবপত্রে আগুন, ওষুধ ও সরঞ্জাম লুটের অভিযোগ
গোপালগঞ্জ-২ (সদর) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাসপাতাল ও কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো এবং আসবাবপত্রে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
বুধবার রাত ৮টার দিকে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের কর্মীরা।
হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচতলা ভবনটির চতুর্থ তলা পর্যন্ত আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। পঞ্চম তলার নির্মাণকাজ চলছে। ভবনের নিচতলায় ক্লিনিকের বাম পাশে একটি বড় কক্ষে সংসদ সদস্যের কার্যালয়।
বুধবার রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ভবনের সামনে এসে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সেখানে চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে তারা ভবনের নিচতলায় হাসপাতাল ও সংসদ সদস্যের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালান।
আসবাবপত্রে আগুন, লুটের অভিযোগ
নিচতলায় ডায়াগনস্টিক সেন্টার, অভ্যর্থনাকক্ষ ও চিকিৎসকদের চেম্বার রয়েছে। এসব স্থানে ভাঙচুরের পর তিনটি চেয়ারসহ কিছু আসবাবপত্র ক্লিনিকের সামনে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ক্লিনিকের কর্মীদের অভিযোগ, হামলাকারীরা কিছু ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম লুট করেছেন। তবে ভবনের দোতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত রোগীদের থাকার কেবিনে হামলাকারীরা যাননি।
রোগী ও নার্সরা চলে যান
ভবনের তত্ত্বাবধায়ক খাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় ক্লিনিকে তিনজন রোগী ভর্তি ছিলেন। তাঁদের দেখাশোনার জন্য কয়েকজন নার্সও ছিলেন। ভাঙচুরের পর রোগী ও নার্সরা সেখান থেকে চলে যান। তবে কাউকে মারধর করা হয়নি।

