বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গ্রামীণ সড়ক-সেতু উন্নয়নে ২০ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে ৭ প্রকল্প অনুমোদন

৪৮ জেলায় ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণসহ সিলেট, যশোর ও ফরিদপুর অঞ্চলে অবকাঠামো উন্নয়ন

গ্রামীণ সড়ক, সেতু ও অবকাঠামো উন্নয়নে ২০ হাজার কোটি টাকার বেশি ব্যয়ের সাতটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন এসব প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন এবং দুটি সংশোধিত।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোতে গ্রামীণ দীর্ঘ সেতু নির্মাণ, বিভিন্ন জেলার সড়ক ও অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন এবং রাজধানীর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হয়েছে।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের অগ্রাধিকার

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সড়ক, সেতু ও কালভার্টসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা থাকায় গ্রামীণ এলাকার উন্নয়ন কার্যক্রমও বিশেষ গুরুত্ব পাচ্ছে।

তাদের মতে, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

৪৮ জেলায় ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন এ প্রকল্পে ব্যয় হবে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা।

সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২০৩১ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প প্রস্তাব অনুযায়ী, দেশের ৪৮টি জেলায় মোট ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। এসব সেতুর সম্মিলিত দৈর্ঘ্য হবে ৪৯ হাজার ৫০ মিটার।

গ্রামীণ হাটবাজার, শিল্পকারখানা, কৃষিপণ্য উৎপাদনকেন্দ্র, ঘাট, স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ সহজ করাই প্রকল্পটির মূল লক্ষ্য। বিশেষ করে দীর্ঘ সেতুর অভাবে যেসব এলাকায় সরাসরি যোগাযোগব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে, সেসব এলাকায় যাতায়াত সহজ করা এবং পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমাতে সেতুগুলো নির্মাণ করা হবে।

সেতু নির্মাণের পাশাপাশি প্রকল্পের আওতায় ৭ হাজার ৭০০ মিটার নদীতীর বা সেতু রক্ষামূলক কাজ এবং ৬৫ দশমিক ১৮৭ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

সিলেটের চার জেলার গ্রামীণ অবকাঠামোয় ৫ হাজার ১০৬ কোটি টাকা

সিলেট বিভাগের চার জেলা—সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২০৩০ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, গ্রামীণ সড়ক উন্নয়ন ও অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের মাধ্যমে কৃষি ও অকৃষি পণ্য সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণ সহজ করা হবে। এতে পরিবহন ব্যয় কমার পাশাপাশি উৎপাদকদের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ বাড়বে।

এ ছাড়া প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য হাটবাজার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য জরুরি সেবাকেন্দ্রে যাতায়াত সহজ করা হবে।

ফরিদপুর ও রাজবাড়ীতে ২ হাজার ৮১৭ কোটি টাকার প্রকল্প

ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৮১৭ কোটি ৭২ লাখ টাকার নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে এলজিইডি।

প্রকল্প প্রস্তাব অনুযায়ী, দুই জেলার ১৪টি উপজেলায় ১ হাজার ৫৬৫ দশমিক ৩৬ কিলোমিটার কাঁচা সড়ক পাকা করা হবে। সারা বছর চলাচলের উপযোগী সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে তোলা এবং কৃষি ও অকৃষি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এ প্রকল্পের মূল লক্ষ্য।

পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর বাজার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সেবাকেন্দ্রে সহজ, নিরাপদ ও দ্রুত যাতায়াত নিশ্চিত করা হবে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্বল্পমেয়াদি কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘ মেয়াদে নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

বৃহত্তর যশোরের চার জেলায় ২ হাজার ১৯৯ কোটি টাকা

বৃহত্তর যশোর অঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ১৯৯ কোটি টাকার নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এলজিইডির বাস্তবায়নাধীন প্রকল্পটি ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের আওতায় খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার ২১টি উপজেলায় জলবায়ুসহনশীল গ্রামীণ অবকাঠামো এবং বাজারসংশ্লিষ্ট সেবার উন্নয়ন করা হবে।

জয়পুরহাটের প্রকল্পে ব্যয় বাড়ল ৩৩২ কোটি টাকা

জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দিয়েছে একনেক।

সংশোধনের ফলে প্রকল্পটির ব্যয় ৪৯৯ কোটি ৯০ লাখ টাকা থেকে বেড়ে ৮৩১ কোটি ৬৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ ব্যয় বেড়েছে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা।

২০২৪ সালের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটি ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের কথা রয়েছে।

পল্লী জীবিকায়ন প্রকল্পের ব্যয় বেড়ে ১ হাজার ৬১ কোটি টাকা

গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নে পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনীও অনুমোদন পেয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বাস্তবায়নাধীন প্রকল্পটির ব্যয় ৯৫৫ কোটি ৪৬ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৬১ কোটি ৪৫ লাখ টাকা করা হয়েছে।

প্রকল্পের আওতায় দেশের আট বিভাগের ৫২টি জেলার ২৪৯টি উপজেলায় কার্যক্রম পরিচালিত হবে। এর মূল লক্ষ্য দরিদ্র নারী-পুরুষকে নিয়ে পল্লী উন্নয়ন দল গঠন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, ক্ষুদ্রঋণ ও উদ্যোক্তা ঋণ প্রদান এবং আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ত করা।

পাশাপাশি কৃষি ও অকৃষি পণ্যের বাজারজাতকরণে সহায়তা এবং সঞ্চয়ের মাধ্যমে নিজস্ব পুঁজি গড়ে তোলার সুযোগ তৈরি করা হবে।

দ্বিতীয় সংশোধনের অন্যতম কারণ নতুন ২২টি উপজেলাকে প্রকল্পের আওতায় আনা। নতুন এলাকাগুলোর নারী-পুরুষকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে যুক্ত করে বেকারত্ব কমানো এবং আঞ্চলিক উন্নয়নবৈষম্য হ্রাসের লক্ষ্য রয়েছে।

এ ছাড়া প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়নে কার্যক্রম আরও দীর্ঘ মেয়াদে পরিচালনার সুপারিশ থাকায় মেয়াদ দুই বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নতুন উপজেলা অন্তর্ভুক্তির কারণে প্রকল্পের বিভিন্ন খাতের ব্যয় ও কাজের পরিমাণও পুনর্নির্ধারণ করা হয়েছে।

দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য ১৪০ কিলোমিটার লাইন

রাজধানীর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা। প্রকল্পের আওতায় গুলশান, বনানী ও বারিধারা এলাকার পয়ঃবর্জ্য সরাসরি লেক, খাল ও জলাশয়ে না ফেলে দাশেরকান্দি পয়ঃশোধনাগারে নেওয়ার ব্যবস্থা করা হবে।

এ জন্য ১৪০ কিলোমিটার পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর পয়ঃবর্জ্য সংগ্রহ ও শোধনব্যবস্থার সক্ষমতা বাড়বে।

একনেকে মোট ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাতটি প্রকল্পসহ বুধবারের একনেক সভায় মোট ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প রয়েছে। দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর একটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৯২২ কোটি টাকা। এ ছাড়া মেট্রো ঢাকা প্রকল্পসহ নদীভাঙন রোধে আরও কয়েকটি প্রকল্প অনুমোদন পেয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯৩৭ কোটি টাকা ব্যয়ে মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করা হবে। পাশাপাশি জয়পুরহাট সড়ক বিভাগের আওতাধীন মহাসড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের আওতায় জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পও অনুমোদিত হয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় ঢাকা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তাদের আবাসনসংকট নিরসনে অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন