ডেমোক্র্যাটদের ২৫১ ভোট পেয়ে মনোনীত, ৩ জানুয়ারি স্পিকার নির্বাচনের ভোট
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেয়েছেন হাকিম জেফরিস। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হিসেবে এই পদে কোনো দলের মনোনয়ন পাওয়ার নজির গড়লেন নিউইয়র্কের এই কংগ্রেস সদস্য।
বুধবার (১৮ নভেম্বর) রুদ্ধদ্বার ভোটে ৫৬ বছর বয়সী জেফরিস দলের মনোনয়ন পান। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের কয়েক সপ্তাহের মধ্যেই এ মনোনয়ন এল। ওই নির্বাচনে দলটি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পায়।
ভোট শেষে সমর্থনের জন্য সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন জেফরিস। সেখানে তিনি লেখেন, ‘একসঙ্গে আমরা সাহসী পরিবর্তন আনব। আমেরিকার মানুষের জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসব!’
প্রগতিশীলদের একাংশের অসন্তোষ
জেফরিসের নেতৃত্ব নিয়ে ডেমোক্র্যাটদের প্রগতিশীল অংশের মধ্যে অসন্তোষ রয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার দলের সদস্যদের আনুষ্ঠানিকভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
দলের কয়েকজন সদস্য জেফরিসকে সমর্থন করবেন কি না, তা জানাতে অস্বীকৃতি জানান। তাঁদের অধিকাংশই চলতি মাসের নির্বাচনে জয়ী হয়েছেন। তাঁদের কয়েকজনের দাবি, নির্বাচনি প্রচারে দেওয়া সাহসী ও জনমুখী নীতিগত প্রতিশ্রুতি বাস্তবায়নে সমর্থন দেবেন—এমন একজন নেতাকে তাঁরা চান।
ইসরায়েল নীতি ও নির্বাচনী অর্থায়ন নিয়ে আপত্তি
জেফরিসের বিরোধীদের মধ্যে অন্যতম ওহাইওর কংগ্রেস সদস্য ডন লিওনার্ড। প্রগতিশীলদের কয়েকটি অগ্রাধিকারের বিষয়ে নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি জেফরিসকে সমর্থন দিতে রাজি হননি। এসব দাবির মধ্যে রয়েছে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করা এবং সুপ্রিম কোর্টের ‘সিটিজেনস ইউনাইটেড’ মামলার রায়ের মাধ্যমে নির্ধারিত নির্বাচনী প্রচারের অর্থায়নব্যবস্থায় সংস্কার আনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে লিওনার্ড বলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন, বিশেষ করে লেহি আইন প্রয়োগে জেফরিস প্রতিশ্রুতিবদ্ধ না হলে এবং ‘সিটিজেনস ইউনাইটেড’ মামলার বিষয়টি সমাধানে উদ্যোগী না হলে তিনি তাঁকে ভোট দেবেন না।
ইসরায়েল ইস্যুতে নিজের অবস্থান এবং ইসরায়েলপন্থী লবিগোষ্ঠী আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপ্যাক) সঙ্গে সম্পর্কের কারণে ডেমোক্র্যাটদের একাংশের সমালোচনার মুখে রয়েছেন জেফরিস।
মঙ্গলবার দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব সমালোচনার কয়েকটির জবাব দেন তিনি। এ সময় মধ্যপ্রাচ্যে ‘নাটকীয় পরিবর্তনের’ আহ্বান জানান এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন।
২৫১ ভোটে মনোনয়ন, বিপক্ষে ১১
বুধবারের ভোটে বিরোধিতা সত্ত্বেও প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের মধ্যে বিপুল সমর্থন পান জেফরিস। দলের ২৫১ জন সদস্য তাঁর পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন ১১ জন।
জেফরিসের বিপক্ষে ভোট দেওয়া সাতজনের মধ্যে ছিলেন নিউইয়র্কের দারিয়ালিজা আভিলা শেভালিয়ের ও ক্লেয়ার ভালদেজ, নিউ জার্সির অ্যাডাম হামাউয়ি, কলোরাডোর মেলাত কিরোস, মিশিগানের ডোনাভান ম্যাককিনি এবং পেনসিলভানিয়ার ক্রিস রাব।
এই সদস্যরা আল জাজিরার সঙ্গে একটি যৌথ বিবৃতি শেয়ার করেন। এতে তাঁরা বলেন, সবার জন্য মেডিকেয়ার চালু, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার দমন-পীড়ন বন্ধ, রাজনীতি থেকে অর্থের প্রভাব দূর করা এবং গাজায় গণহত্যা বন্ধের মতো নীতিগত বিষয়ে জেফরিসের কাছ থেকে তাঁরা কোনো প্রতিশ্রুতি পাননি।
বিবৃতিতে তাঁরা লেখেন, উল্লেখযোগ্য অগ্রগতি হলেও আগামী কংগ্রেসে দলের নীতিগত অবস্থান যেন নেতৃত্বের কাছে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটায়, তা নিশ্চিত করতে আরও কাজ বাকি রয়েছে। এ বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তাঁরা।
টেক্সাসের নবনির্বাচিত সদস্য ফ্রেডরিক হেইনসও জেফরিসের মনোনয়নের বিরোধিতা করে প্রকাশিত যৌথ বিবৃতিতে ছিলেন। তবে পরে পৃথক বিবৃতিতে তিনি জানান, অসুস্থতার কারণে বুধবারের ভোটে অংশ নিতে পারেননি। অল্পের জন্য তাঁর ভোট দেওয়া হয়নি।
পেলোসির অভিনন্দন, ট্রাম্পের প্রধান প্রতিপক্ষ হওয়ার পথে জেফরিস
অধিকাংশ ডেমোক্র্যাট জেফরিসের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তিনি তাঁর অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে ওঠার পথে এগিয়ে গেলেন।
প্রতিনিধি পরিষদের বিদায়ী স্পিকার ন্যান্সি পেলোসিও এই ঐতিহাসিক মুহূর্তকে স্বাগত জানিয়েছেন। দুই দফায় মোট আট বছর দায়িত্ব পালন করে প্রথম নারী স্পিকার হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে জেফরিসের হাত ধরে থাকা একটি ছবি প্রকাশ করে তাঁকে অভিনন্দন জানান পেলোসি।
ভোটের ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বাইবেলের করিন্থীয় পুস্তক থেকে একটি উদ্ধৃতিও পোস্ট করেন জেফরিস। সেখানে লেখা ছিল, ‘কারণ আমরা বিশ্বাসের দ্বারা চলি, দৃষ্টির দ্বারা নয়।’
স্পিকার হওয়ার পথ খুলছে ৩ জানুয়ারি
২০২৩ সালে সাবেক মার্কিন স্পিকার কেভিন ম্যাকার্থির স্থলাভিষিক্ত হওয়ার জন্য ডেমোক্র্যাটরা জেফরিসকে নিজেদের প্রার্থী হিসেবে মনোনীত করেছিল। নিজ দলের রিপাবলিকান সদস্যদের বিরোধিতার মুখে ম্যাকার্থি স্পিকারের পদ থেকে অপসারিত হন। পরে তাঁর স্থলাভিষিক্ত হন প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার মাইক জনসন।
বুধবারের ভোটের মধ্য দিয়ে এবার আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়ন পেলেন জেফরিস। আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে স্পিকার পদে জনসনের স্থলাভিষিক্ত হওয়ার সুযোগ রয়েছে তাঁর। ওই সময় প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে। নতুন স্পিকার নির্বাচনে পুরো প্রতিনিধি পরিষদে ভোট অনুষ্ঠিত হবে।

