বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ঢাকা ও চট্টগ্রামগামী বাস ছাড়েনি, স্থানীয় রুটে যান চলাচল স্বাভাবিক

নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার বেলা ১১টার পর বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কোনো বাস ছেড়ে যায়নি।

তবে বাগেরহাট থেকে খুলনাসহ স্থানীয় রুটগুলোতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

সকাল সাড়ে ১০টার পর বাস ছাড়েনি

ঢাকাগামী দোলা পরিবহনের টিকিট বিক্রেতা রাসেল বলেন, সকাল সাড়ে ১০টায় সর্বশেষ বাস ছেড়ে গেছে। এরপর থেকে আর কোনো বাস ছাড়েনি।

দূরপাল্লার আরেকটি বাসের টিকিট বিক্রেতা জাহিদুল ইসলাম জানান, নিরাপত্তাজনিত কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি ভালো না হলে আজও বাস ছাড়া হবে না। হঠাৎ দূরপাল্লার বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

অপর একটি যাত্রীবাহী পরিবহনের সুপারভাইজার বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি ভালো না। গাড়িতে আগুন দেওয়ার আশঙ্কা রয়েছে। গাড়ি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বাস ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।

স্থানীয় রুটে বাস চলাচল স্বাভাবিক

বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফকির জানান, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও খুলনা-বাগেরহাট, বাগেরহাট-পিরোজপুর ও বাগেরহাট-শরণখোলা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, দূরপাল্লার বাসগুলোর মালিক ও পরিচালনাপদ্ধতি আলাদা। এসব পরিবহন চালানো বা বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট মালিকেরা এককভাবে সিদ্ধান্ত নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন