তেঁতুলিয়ায় এক দিনে তাপমাত্রা কমেছে ৩.৩ ডিগ্রি, ঘন কুয়াশায় ব্যাহত জনজীবন
উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। রাতভর কনকনে ঠান্ডা আর ভোরে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে রাস্তাঘাট। সকাল গড়ালেও কমছে না শীতের তীব্রতা। এরই মধ্যে তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রির ঘরে। বৃহস্পতিবার সেখানে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, এটি চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
২৪ ঘণ্টায় তাপমাত্রা কমেছে ৩.৩ ডিগ্রি
এর আগে বৃহস্পতিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
বুধবার সকাল ৯টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৩ ডিগ্রি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা
রাতভর শীত ও ভোরের ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে শিশু ও বয়স্করা শীতে কষ্ট পাচ্ছেন। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচলেও চালকদের সতর্ক থাকতে হচ্ছে।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।
ডিসেম্বরে শৈত্যপ্রবাহের আভাস
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়। একপর্যায়ে তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এ কারণে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা দেখা দেয়।
তিনি বলেন, গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও বৃহস্পতিবার তা নেমে এসেছে ১২ দশমিক ৪ ডিগ্রিতে। ডিসেম্বরের দিকে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

