টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সাময়িকভাবে বন্ধ ছিল যান চলাচল
বরগুনার আমতলী উপজেলায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে থাকা বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাখারিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন।
টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী হঠাৎ ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
যানবাহনে ভাঙচুরের অভিযোগ
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিক্ষোভ চলাকালে সড়কে থাকা বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালাতে দেখা যায়। কিছুক্ষণ অবস্থানের পর বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশের বক্তব্য
আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যান। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

