প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন অনুরা কুমারা দিসানায়েকে; দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়ে লেখা একটি চিঠি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের কাছে হস্তান্তর করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সানন্দে এই আমন্ত্রণ গ্রহণ করেন। একই সঙ্গে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের নেতার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন তিনি।
দুই দেশের সম্পর্ক জোরদারে আগ্রহ
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশ ও শ্রীলঙ্কার সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই ধারাবাহিকতা বজায় রেখে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী বলে জানান তিনি।
বাংলাদেশের উন্নয়ন উদ্যোগ তুলে ধরেন প্রতিমন্ত্রী
সাক্ষাৎকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ কর্মসূচি এবং দারিদ্র্য বিমোচনে ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক উন্নয়ন উদ্যোগের কথা তুলে ধরেন। এসব উদ্যোগের মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে দেশের মোট জ্বালানির ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা।
এ ছাড়া সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচি সম্পর্কেও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন হুমায়ুন কবির।

