শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নৌ পুলিশের বিশেষ অভিযানে দুই ব্যক্তি গ্রেপ্তার

নৌ পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে

মৈনট ঘাটের সামনে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির চেকপোস্টে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নিয়মিত চেকপোস্ট ডিউটি চলাকালে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার দুজনের পরিচয়

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দোপপাশা এলাকার সানি মাতুব্বর (৩০) ও তুহিন (৪০)।

নৌ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সানি মাতুব্বরের বাবা শের আলী মাতুব্বর এবং মা সনিয়া বেগম। তিনি ভাঙ্গা থানার নাছিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে যুবলীগের সক্রিয় সদস্য।

অন্যদিকে, তুহিনের বাবা আব্দুর রশিদ মিয়া এবং মা রাহেলা বেগম। তিনিও যুবলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে নৌ পুলিশ।

সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে

নৌ পুলিশের প্রাথমিক অনুসন্ধানের বরাতে জানানো হয়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় সন্ত্রাসবিরোধী আইনে সুনির্দিষ্ট মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁদের আটক করা হয়েছে।

আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নৌ পুলিশ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন