বারাকা গ্রুপ ও পিআইডিজির যৌথ উদ্যোগে বাস্তবায়িত হবে প্রকল্পটি; দুই বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য, সরকারের সঙ্গে চুক্তির মেয়াদ ২০ বছর।
নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের নতুন উদ্যোগ নিয়েছে বারাকা গ্রুপ ও প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি)। যৌথ উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে প্রতিষ্ঠান দুটি। প্রকল্পটিতে প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে।
শতভাগ স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেড প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন কোম্পানিটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সরকারের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং বারাকা গ্রুপ ও পিআইডিজির ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ উদ্যোগ
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগের এ উদ্যোগ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, প্রচলিত জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানিতে রূপান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত হবে। একই সঙ্গে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বিদেশি ও বেসরকারি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে বলে তাঁদের প্রত্যাশা। প্রকল্পটির সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ ২০ বছর বলে জানা গেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ জাতীয় নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে। প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বাস্তবায়নাধীন এ প্রকল্প আন্তর্জাতিক অংশীদারত্ব ও বেসরকারি খাতের অংশগ্রহণের সম্ভাবনাকে তুলে ধরেছে।
তিনি বলেন, প্রকল্পটি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো এবং দেশের জ্বালানি খাতের বহুমুখীকরণে ভূমিকা রাখবে।
হুমায়ুন কবির আরও বলেন, এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট বারাকা গ্রুপ, পিআইডিজি এবং অন্যান্য অংশীদারকে আন্তরিকভাবে স্বাগত জানাই। বাংলাদেশের প্রতি তাঁদের আস্থা ও বিনিয়োগের আগ্রহ অত্যন্ত প্রশংসনীয়। এ প্রকল্প দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
২০৩০ সালের লক্ষ্য সামনে রেখে আরও প্রকল্পের প্রত্যয়
উদ্বোধনী অনুষ্ঠানে বারাকা গ্রুপ ও বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী প্রকল্পটি বাস্তবায়নে দেশীয় প্রতিষ্ঠান বারাকা গ্রুপের ওপর আস্থা রাখার জন্য পিআইডিজি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, বৈদেশিক মুদ্রায় বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আগামী দিনগুলোতে বাংলাদেশের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পিআইডিজি তাদের বিনিয়োগের ধারা আরও প্রসারিত করবে বলে তাঁরা বিশ্বাস করেন।
সরকারের ২০৩০ সালের ভিশনের সঙ্গে তাল মিলিয়ে এ ধরনের আরও পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে জোরালো অবদান রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ চৌধুরী প্রতিষ্ঠানের পরিচিতি, কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সৌরবিদ্যুৎ খাতে প্রতিষ্ঠানের ভূমিকা সম্পর্কেও উপস্থিত অতিথিদের অবহিত করেন তিনি।
প্রতিষ্ঠানটির পরিচালক নাঈম আহমদ চৌধুরী সমাপনী বক্তব্যে অতিথি, আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে পিআইডিজির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বিনিয়োগ ও প্রকল্প উন্নয়ন কর্মকর্তা জিলস ভাস, এশিয়া অঞ্চলের ব্যবসা উন্নয়ন প্রধান ডেনিস ফু এবং ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক জুয়ান জিন।

