দুই দেশের ব্যবসায়ীদের যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য চুক্তি চূড়ান্ত এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
কসোভোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশের আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানারের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী।
ব্যবসায়ীদের যোগাযোগ ও বাণিজ্য চুক্তিতে গুরুত্ব
বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক সই এবং বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়।
কসোভোর রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে দেশটির কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে পারে।
রপ্তানি ও যৌথ বিনিয়োগের সম্ভাবনা
আলোচনায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাতে কসোভোতে রপ্তানি ও বিনিয়োগের সম্ভাবনা উঠে আসে।
এ ছাড়া কসোভোর লিগনাইট, তামা ও দস্তার মতো খনিজ সম্পদ ঘিরে যৌথ উদ্যোগের পাশাপাশি কৃষি ও সেবা খাতে সহযোগিতা নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে শিক্ষা, সংস্কৃতি ও জনশক্তি খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতেও দুই পক্ষ একমত হয়।

