শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সরকারি অর্থ অপচয় করলে ছাড় পাবেন না কর্মকর্তারা: গণপূর্তমন্ত্রী

কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ৩০ সদস্যের বিশেষ মনিটরিং ও অডিট প্যানেল গঠন করা হবে। আকস্মিক পরিদর্শনে প্রকল্পের কাজের মান, অগ্রগতি ও ব্যয় যাচাই করবে প্যানেলের বিভিন্ন দল।

নিম্নমানের নির্মাণকাজ কিংবা সরকারি অর্থের অপচয়ের সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তবে মিথ্যা অভিযোগ, ব্যক্তিগত স্বার্থ কিংবা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার ভিত্তিতে কারও প্রতি অন্যায় করা হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

মন্ত্রী বলেন, গণপূর্ত অধিদপ্তরের জোনাল অফিসগুলোর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়টি সরকার বিবেচনা করছে। বিশেষ করে কুমিল্লা জোনের অধীনে অনেকগুলো জেলা ও উপজেলা থাকায় কার্যক্রম পরিচালনায় চাপ তৈরি হচ্ছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লা ও বগুড়ায় নতুন জোন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আকস্মিক পরিদর্শনে যাবে মনিটরিং প্যানেল

কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ৩০ সদস্যের একটি বিশেষ মনিটরিং ও অডিট প্যানেল গঠন করা হবে বলে জানান জাকারিয়া তাহের।

তিনি বলেন, এ প্যানেল থেকে চার-পাঁচজনের একেকটি দল গঠন করে দেশের বিভিন্ন জেলা ও প্রকল্পে আকস্মিক পরিদর্শনে পাঠানো হবে। কোনো নির্দিষ্ট বা স্থায়ী দল থাকবে না। বরং বিভিন্ন সময়ে বিভিন্ন দল মাঠপর্যায়ের কাজের মান, অগ্রগতি ও ব্যয় যাচাই করবে।

এর মাধ্যমে প্রকল্পের প্রকৃত চিত্র জানা এবং অনিয়মের সুযোগ কমানো সম্ভব হবে বলে মনে করেন মন্ত্রী।

দেশের উন্নয়নে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অর্থনীতি পুনর্গঠনে নিরলসভাবে কাজ করছেন। তাঁর নেতৃত্বে আগামী ১০ বছর দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশের চেহারা বদলে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ লক্ষ্য অর্জনে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। স্বাগত বক্তব্য দেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী।

সরকারি অর্থের অপচয়-দুর্নীতি গ্রহণযোগ্য নয়: প্রতিমন্ত্রী

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, সরকারি অর্থ জনগণের অর্থ। প্রতিটি প্রকল্পের সঙ্গে এ দেশের মানুষের শ্রম, ঘাম ও অর্থ জড়িত। তাই সরকারি অর্থের অপচয়, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

তিনি আরও বলেন, প্রকল্পের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে হবে, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে এবং নির্মাণকাজের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করতে হবে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কিংবা কাজের মানের সঙ্গে কোনো আপস করা যাবে না।

মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন