শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন-চীন-ইইউসহ পাঁচ কূটনীতিকের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন ও ভারতের কূটনীতিকরা। সাক্ষাতে জাতিসংঘের সংস্কার নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের হাই কমিশনার।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্য ও ভারতের হাই কমিশনার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার খলিলুর রহমানের দপ্তরে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন এবং ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।

জাতিসংঘের সংস্কার নিয়ে আলোচনা

বৈঠক শেষে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় খলিলুর রহমানকে শুভেচ্ছা জানাতে তিনি এসেছিলেন।

তিনি বলেন, “ইউএনজিএ সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে আসার পর এবার সুযোগটি নিচ্ছি, কারণ তিনি সশরীরে উপস্থিত ছিলেন না। আমি ফোনের মাধ্যমে আমাদের শুভেচ্ছা জানিয়েছিলাম, কিন্তু আজকে সশরীরে উপস্থিত হতে পারাটা ছিল দারুণ আনন্দের।”

জাতিসংঘের সংস্কার নিয়ে আগ্রহের কথা জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, “আমি সংস্কারের বিষয়গুলো বুঝতে খুব আগ্রহী ছিলাম এবং খলিলুর রহমান জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলেছেন।

“তাই আমি বুঝতে চেয়েছিলাম যে, সংস্কারগুলো কী কী এবং কী করা যেতে পারে। কারণ সেগুলো আমাদের সবার জন্যই স্বার্থসংশ্লিষ্ট বিষয়। এটি একটি অভিন্ন স্বার্থ।”

অভিজ্ঞতা জানতে চেয়েছেন ভারতীয় হাই কমিশনার

সাক্ষাৎটি মূলত সৌজন্যমূলক ছিল জানিয়ে ভারতের হাই কমিশনার বলেন, “আমি খুব আনন্দ পেয়েছি এবং তিনি অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি। আমি তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইছিলাম। কারণ জাতিসংঘ হল অন্যতম সর্বোচ্চ বহুপাক্ষিক সংস্থা। আমার জন্যও একটি শেখার প্রক্রিয়ার মত ছিল, কারণ তিনি সশরীরে উপস্থিত আছেন।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন