অফিসে দৃশ্যমান স্থানে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপনসহ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনায় শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের সুরক্ষায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ কার্যালয়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।
অফিসে থাকবে ‘নো-স্মোকিং’ সাইনেজ
মহাপরিচালক শাহীনা ফেরদৌসী বলেন, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনাকে তামাকমুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে অধিদপ্তরের অফিসগুলোতে দৃশ্যমান স্থানে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন করা হবে।
তামাকমুক্ত পরিবেশের প্রয়োজনীয়তা
সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য একটি তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য অর্জনে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের আলোকে সরকারি-বেসরকারি অফিসসহ সব জনসমাগমস্থল শতভাগ ধূমপানমুক্ত রাখা প্রয়োজন।
এর মাধ্যমে অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা পাবেন এবং ধূমপায়ীদের মধ্যেও তামাক ছাড়ার প্রবণতা বাড়বে বলে মন্তব্য করেন তিনি।
যেসব সুপারিশ করা হয়েছে
সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনাকে শতভাগ তামাকমুক্ত করা, কোনো ধরনের নির্ধারিত ধূমপানের স্থান না রাখা এবং অফিস প্রাঙ্গণে তামাকজাত দ্রব্যের ক্রয়-বিক্রয় বন্ধের সুপারিশ করা হয়। এ উদ্যোগ বাস্তবায়নে একটি মনিটরিং টিম গঠনের প্রস্তাবও দেওয়া হয়।
পাশাপাশি তামাক কোম্পানির সঙ্গে কোনো ধরনের অংশীদারত্ব বা পৃষ্ঠপোষকতা গ্রহণ না করা এবং এ ক্ষেত্রে তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা ৫(৩) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি’র অনুচ্ছেদ ৫.৩ অনুসরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

