শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে প্রথমবারের মতো সরকারি সফরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে বিকেল ৪টা ২০ মিনিটে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

লালমনিরহাটে দিনব্যাপী নানা কর্মসূচি পালন শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ড থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় তাঁকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তারেক রহমানের প্রথম লালমনিরহাট সফর। এ সফরে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন।

সফরের কর্মসূচি

সফরের শুরুতে সকালে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করেন।

দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

পরে বিকেলে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমান। দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন