প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও শহরের ওয়ার্ডে পর্যায়ক্রমে চাইল্ড কেয়ার সেন্টার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, সুরক্ষা ও সার্বিক বিকাশ নিশ্চিত করতে দেশব্যাপী চাইল্ড কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, সুরক্ষা এবং সার্বিক বিকাশ নিশ্চিত করতে সরকার পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও শহরের ওয়ার্ডগুলোতে চাইল্ড কেয়ার সেন্টার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।’
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘শিশুদের প্রতি সহিংসতা অবসানের লক্ষ্যে দ্বিতীয় বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলন’-এর প্যানেল আলোচনায় বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
শিশুদের সুরক্ষা সরকারের অগ্রাধিকার
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের ১৮ কোটি জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশের বয়স এক দিন থেকে ১৮ বছরের মধ্যে। এই বিশাল জনগোষ্ঠীর সুরক্ষা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
এ লক্ষ্য বাস্তবায়নে পরিবার ও বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদের কর্মক্ষেত্রেও শিশু সুরক্ষা ও পরিচর্যার বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, বর্তমানে প্রতিটি উপজেলায় পাঁচটি করে কমিউনিটিভিত্তিক ‘শিশু সুরক্ষা কমিউনিটি হাব’ পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে স্বেচ্ছাসেবী সেবাদাতাদের সম্মানী দেওয়ার পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায় থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে।
তৃণমূল পর্যায়ে শিশুদের সুরক্ষা আরও জোরদার করতে প্রতিটি ইউনিয়নে এ সেবা সম্প্রসারণ করা হচ্ছে বলেও জানান তিনি।
শিল্পাঞ্চল ও শহরে বাড়বে দিবাযত্ন সুবিধা
কর্মজীবী দম্পতিদের সন্তানদের পরিচর্যার জন্য শহর ও উপশহরে ডে-কেয়ার কর্মসূচি চালু থাকলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল বলে উল্লেখ করেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী।
তিনি বলেন, এ কারণে শিল্পাঞ্চল ও শহরাঞ্চলে শিশু দিবাযত্নের সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
ডা. জাহিদ হোসেন জানান, বর্তমানে মেডিক্যাল কলেজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিমানবন্দর ও সরকারি দপ্তরে চাইল্ড কেয়ার কার্যক্রম চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রতিষ্ঠানে এ সুবিধা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
শিশু পরিচর্যা ও সুরক্ষা সরকারের উন্নয়ন এজেন্ডার অন্যতম প্রধান অংশ বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে ফিলিপাইনের ম্যানিলায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

