সোলার প্যানেল স্থাপনে কারিগরি স্পেসিফিকেশন কমিটি গঠনের প্রস্তাব; ২৪ নভেম্বরের মধ্যে ডিপিডিসিকে স্পেসিফিকেশন জমা দেওয়ার নির্দেশ
জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সংসদ সচিবালয়। ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই এ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে এ-সংক্রান্ত মতামত প্রদান কমিটি।
বুধবার (১৮ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় (মূলতবি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাই
সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাধ্যমে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়।
এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত উৎপাদনক্ষমতা নির্ধারণ, দরপত্র আহ্বান এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
কারিগরি কমিটি ও উপকমিটি গঠনের প্রস্তাব
বৈঠকে সরকারি ক্রয়বিধিমালা (পিপিআর) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কারিগরি (স্পেসিফিকেশন) কমিটি গঠনের প্রস্তাব করা হয়।
এ ছাড়া প্রস্তাবিত কমিটির কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনা-সংক্রান্ত বিষয় যাচাই-বাছাইয়ের জন্য কমিটির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলমকে নিয়ে একটি উপকমিটি গঠন করা হয়।
২৪ নভেম্বরের মধ্যে স্পেসিফিকেশন জমার নির্দেশ
সভায় ডিপিডিসি কর্তৃক প্রণীত কারিগরি স্পেসিফিকেশন আগামী ২৪ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী বৈঠকের আগেই দরপত্র আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন যারা
সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

