ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে ঢাকা মহানগরসহ দেশের ১৭ জেলায় বিশেষ তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ২২টি টিম অংশ নেয়।
বৃহস্পতিবার দেশব্যাপী পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ২৩টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। এ সময় ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়।
যেসব অনিয়মে নজরদারি
অভিযানকালে ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রি প্রতিরোধে তদারকি করা হয়। পাশাপাশি হোটেল-রেস্তোরাঁয় সংশ্লিষ্ট বিধিবিধান প্রতিপালনের বিষয়টিও যাচাই করা হয়।
এ সময় ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্য মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং পণ্য বিক্রিতে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।
জনসচেতনতা বাড়াতে অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা বিভিন্ন সংস্থার
এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা বাজার তদারকিতে সহযোগিতা করেন।
ভোক্তাদের প্রতি অধিদপ্তরের পরামর্শ
অধিদপ্তর ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে কৃত্রিম সংকট সৃষ্টি না করার পরামর্শ দিয়েছে। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি), উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পাশাপাশি সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে পণ্য কেনার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া কেনাকাটার সময় বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহ এবং পণ্য কেনায় কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে।
বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

