শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

অরাজকতা ও চোরাগোপ্তা হামলা আর সহ্য করা হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

নিষিদ্ধ ঘোষিত দলের কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন। প্রয়োজনে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।

দেশে নিষিদ্ধ ঘোষিত একটি দলের অরাজকতা আর করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন। তিনি বলেছেন, দেশে কোনো গন্ডগোল চান না তাঁরা। তবে মানুষের জানমালের ক্ষতি ও চোরাগোপ্তা হামলার বিষয়ে আর কোনো ছাড় দেওয়া হবে না।

দেশজুড়ে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালুপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘প্রতিবাদ করব, প্রতিহত করব’

ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন বলেন, ‘আপনারা দেশ থেকে পালিয়ে গেছেন, আপনাদের নেতারা বিদেশে বসে মুরগির রান খাচ্ছেন। আর আপনাদের বলছেন, আপনারা ভাঙচুর করছেন। এটার ফল ভালো হবে না। অনেক সহ্য করেছি, কিন্তু এখন আর সহ্য করব না। আমরা প্রতিবাদ করব, প্রতিহত করব, প্রয়োজনে প্রতিশোধ নেব। দেশে অরাজকতা করতে দেওয়া হবে না।’

আওয়ামী লীগের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা কীসের জন্য, কী ইস্যুতে এসব করছেন? আপনাদের কোনো ইস্যু নাই। দেশ ভালো চলছে। আপনারা বিশৃঙ্খলা করার চেষ্টা করলেও আমরা বিশৃঙ্খলা করতে দেব না। যেকোনো উপায়ে আমরা প্রতিরোধ করব।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকার ঘোষণা

প্রতিমন্ত্রী বলেন, তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রয়েছেন এবং বিএনপির হাজার হাজার কর্মী মাঠে আছেন।

তিনি বলেন, ‘দুর্বলতা মনে করলে ভুল করবেন, আমরা দুর্বল না, আমরা আপনাদের সুযোগ দিয়েছি। আমরা চাই দেশ ভালো থাকুক।’

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন