সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

সরকারকে জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান; জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে অনড় থাকার ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

দেশ ও সংগঠন নানা চ্যালেঞ্জের মুখে

ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। পাশাপাশি জামায়াতও বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর জন্য কাজ করে যেতে হবে।

তিনি বলেন, দুনিয়া তাঁদের লক্ষ্য নয়; বরং আখিরাতই প্রধান লক্ষ্য। মুমিন হিসেবে এ বিষয়টি সব সময় মনে রেখে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে এবং সংগঠনের সব কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে। জীবন পরিচালনায় নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করার পাশাপাশি সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহি ও সক্ষমতা বাড়াতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আহ্বান

দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনাগুলো অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে জামায়াত আমির বলেন, এসব বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক। অনতিবিলম্বে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, ‘জাতি দেখতে চায়, আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান এ দেশে হবে না।’

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে অর্জিত বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি।

তিনি বলেন, সংসদে জামায়াতের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হিসেবে দলটি সব সময় ভূমিকা রাখবে এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে তাদের অনড় অবস্থান অব্যাহত থাকবে।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে প্রশ্ন

বিরোধীদলীয় নেতা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়। এ বিষয়ে জামায়াত ইতোমধ্যে নোটিশ দিয়েছে। নোটিশের বিষয়গুলো নিয়ে সংসদে জবাব না পেলে জনগণের আদালতে কথা বলতে হবে।

এ জন্য দলের দায়িত্বশীলদের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে দেশ ও জাতির সেবায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে বার্ষিক পরিকল্পনা-২০২৭, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন