সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা ছাড়াল: অর্থমন্ত্রী

মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই খেলাপি; ২০২২ সালে এ হার ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকায় দাঁড়িয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই খেলাপি হয়ে পড়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

বছরভিত্তিক খেলাপি ঋণের চিত্র

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা। ওই বছর বিতরণ করা মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ।

পরবর্তী বছরগুলোতে খেলাপি ঋণের হার ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২৩ সালে এ হার দাঁড়ায় ৮ দশমিক ৩৯ শতাংশে। ২০২৪ সালে তা বেড়ে হয় ১৭ দশমিক ৮৩ শতাংশ। আর ২০২৫ সালে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার ছিল ২৯ দশমিক ৯২ শতাংশ।

চলতি ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।

খেলাপি ঋণ আদায়ে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা

খেলাপি ঋণ আদায়ে সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি রোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন