প্রথম ৯ মাসে বাংলাদেশের রপ্তানি আয় কমেছে ১.৮২ বিলিয়ন ইউরো; বিপরীতে চীন ও ভিয়েতনাম নিজেদের অবস্থান শক্তিশালী করেছে
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি ২০২৬ সালের প্রথম ৯ মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে প্রায় ১২ শতাংশ। একই সময়ে ইইউর মোট পোশাক আমদানি বাজার সংকুচিত হয়েছে মাত্র ২ দশমিক ৪৬ শতাংশ। ফলে সামগ্রিক বাজারের সংকোচনের তুলনায় বাংলাদেশের রপ্তানি কমেছে অনেক বেশি। অন্যদিকে, প্রধান প্রতিযোগী চীন ও ভিয়েতনাম ইউরোপের বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৯১ শতাংশ কমে ১৩ দশমিক ৪৮ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। বিপরীতে, এ সময়ে ইইউর মোট পোশাক আমদানি কমেছে ২ দশমিক ৪৬ শতাংশ। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৭০ দশমিক ৭২ বিলিয়ন ইউরো।
এই ৯ মাসে বাংলাদেশ প্রায় ১ দশমিক ৮২ বিলিয়ন ইউরোর রপ্তানিমূল্য হারিয়েছে, যা ইইউর সামগ্রিক পোশাক আমদানি বাজারের ১ দশমিক ৭৮ বিলিয়ন ইউরোর সংকোচনের চেয়েও বেশি। এর ফলে ইইউর পোশাক আমদানি বাজারে বাংলাদেশের অংশীদারত্ব এক বছর আগের ২১ দশমিক ১০ শতাংশ থেকে কমে ১৯ দশমিক ০৬ শতাংশে নেমে এসেছে।
সেপ্টেম্বরে আবারও রপ্তানি পতন
বছরের শুরুতে জানুয়ারি-এপ্রিল সময়ে বাংলাদেশের রপ্তানি পরিস্থিতি সবচেয়ে নাজুক ছিল। এ সময়ে রপ্তানি কমেছিল ২০ দশমিক ৮৯ শতাংশ। মে-আগস্ট সময়ে পতনের হার কমে ১ দশমিক ২৫ শতাংশে নেমে এলেও সেপ্টেম্বর মাসে রপ্তানি আবার ৯ দশমিক ৪৯ শতাংশ হ্রাস পায়।
সেপ্টেম্বরে ইইউর সামগ্রিক পোশাক আমদানি বাজার সংকুচিত হয়েছিল ২ দশমিক ৭২ শতাংশ। অর্থাৎ ওই মাসে বাংলাদেশের রপ্তানি কমার হার ছিল বাজার সংকোচনের তুলনায় তিন গুণেরও বেশি। ইইউর মোট আমদানি হ্রাসের প্রায় ৬৯ শতাংশই ঘটেছে বাংলাদেশ থেকে আমদানি কমার কারণে।
পরিমাণ ও পণ্যমূল্য—দুই দিকেই চাপ
রপ্তানি আয়ের পতনের পেছনে পোশাক রপ্তানির পরিমাণ এবং পণ্যের গড় মূল্য—দুটিরই প্রভাব রয়েছে। আলোচ্য সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ কমেছে ৫ দশমিক ৭৪ শতাংশ। একই সঙ্গে প্রতি কেজি পোশাকের গড় একক মূল্য ৬ দশমিক ৫৪ শতাংশ কমে ১৩ দশমিক ৭০ ইউরোতে দাঁড়িয়েছে। অথচ ইইউর গড় আমদানি মূল্য ছিল ১৯ দশমিক ৫৯ ইউরো। অর্থাৎ বাংলাদেশের রপ্তানি করা পোশাকের গড় মূল্য ইইউর গড় আমদানি মূল্যের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম।
ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলেন, তুলাভিত্তিক পণ্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে কৃত্রিম তন্তু বা ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক উৎপাদনে শক্তিশালী প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়ছে।
তিনি বলেন, চীন ও ভিয়েতনাম কৃত্রিম তন্তুর পোশাক তৈরিতে ব্যাপক অবকাঠামো গড়ে তুলেছে। পাশাপাশি চীন থেকে সহজে কাপড় পাওয়া এবং সমন্বিত সরবরাহ ব্যবস্থার সুবিধাও পাচ্ছে দেশ দুটি। অন্যদিকে, এ খাতে বাংলাদেশের সীমিত বিনিয়োগ ইউরোপীয় ক্রেতাদের চাহিদা অনুযায়ী বহুমুখী পণ্য সরবরাহের সক্ষমতা কমিয়ে দিচ্ছে।
এম এ জব্বার আরও বলেন, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে পরিবেশগত স্থিতিস্থাপকতা ও জ্বালানি নিরাপত্তার গুরুত্ব বাড়ছে। ক্রেতাদের আস্থা ধরে রাখতে বাংলাদেশকে নেট-জিরো উৎপাদনের পথে বিশ্বাসযোগ্য অগ্রগতি দেখানোর পাশাপাশি সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।
চীন-ভিয়েতনামের বাজার হিস্যা বেড়েছে
ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ইইউর বৃহত্তম পোশাক সরবরাহকারী হিসেবে চীন নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। দেশটির রপ্তানি আয় ৪ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ২৪ দশমিক ২৫ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। একই সময়ে রপ্তানির পরিমাণ বেড়েছে ৬ দশমিক ৩৮ শতাংশ। ফলে ইইউর বাজারে চীনের হিস্যা ৩২ দশমিক ০২ শতাংশ থেকে বেড়ে ৩৪ দশমিক ২৯ শতাংশ হয়েছে।
অন্যদিকে, ভিয়েতনামের রপ্তানির পরিমাণ ৩ দশমিক ৫৫ শতাংশ কমলেও পণ্যের গড় একক মূল্য ৮ দশমিক ১৮ শতাংশ বৃদ্ধি পাওয়ায় দেশটির রপ্তানি আয় ৪ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৩ দশমিক ৪৭ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে।
তবে একই সময়ে ভারত, পাকিস্তান, তুরস্ক, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার পোশাক রপ্তানি ৮ দশমিক ৮ শতাংশ থেকে ১০ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কমেছে।
প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে উদ্বেগ
স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, ইইউর সামগ্রিক বাজার সংকোচনের তুলনায় বাংলাদেশের রপ্তানি কমার হারের ক্রমবর্ধমান ব্যবধান দেশের প্রতিযোগিতা সক্ষমতা দুর্বল হয়ে পড়ার ইঙ্গিত দেয়।
তিনি বলেন, কোথা থেকে পোশাক সংগ্রহ করা হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্রেতারা এখন বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রভাব এবং ইউরোপের কঠোর ‘ডিউ ডিলিজেন্স’ যাচাই-বাছাইয়ের শর্তগুলো বিশেষভাবে বিবেচনায় নিচ্ছেন।
শোভন ইসলাম মনে করেন, ইইউর সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) আলোচনা ত্বরান্বিত করার পাশাপাশি সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপের তথ্য অনুসরণযোগ্যতা (সাপ্লাই-চেইন ট্রেসেবিলিটি) এবং ডিউ ডিলিজেন্সের শর্ত পূরণে রপ্তানিকারকদের প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, ব্যাংকঋণের উচ্চ সুদহার, মূলধনের সীমিত প্রাপ্যতা, ব্যয়বহুল জ্বালানি এবং গ্যাস ও ডিজেলের অনিয়মিত সরবরাহ উৎপাদনকারীদের প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দিচ্ছে।
এলডিসি উত্তরণের পর প্রস্তুতির তাগিদ
গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেন, ভারত ও ভিয়েতনামের মতো আঞ্চলিক প্রতিযোগীরা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং বৈশ্বিক বাজারের সঙ্গে অধিকতর সংযুক্তির মাধ্যমে নিজেদের অবস্থান এগিয়ে নিচ্ছে।
তিনি বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে হলে প্রচলিত পোশাক পণ্য ও রপ্তানির পরিচিত গন্তব্যের বাইরে যেতে হবে। এ জন্য প্রয়োজন ব্যাপক রপ্তানি বহুমুখীকরণ, শক্তিশালী বাণিজ্য চুক্তি, উৎপাদনশীলতা ও লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং আরও প্রতিযোগিতামূলক বিনিময় হার নিশ্চিত করা।
পরিসংখ্যান বলছে, কেবল ইউরোপীয় ক্রেতাদের চাহিদা কমে যাওয়ার কারণে বাংলাদেশের পোশাক রপ্তানি পিছিয়ে পড়ছে—এমন ব্যাখ্যা যথেষ্ট নয়। প্রতিযোগী দেশগুলো যখন ইইউর বাজারে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে, তখন বাংলাদেশের বাজার হিস্যা কমে যাওয়ার চিত্র উৎপাদন সক্ষমতা, জ্বালানি ও অর্থায়ন সংকট এবং বাণিজ্য সুবিধার ঘাটতি দূর করার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

