সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু

ট্রাক্টরে উঠতে গিয়ে পা পিছলে দুর্ঘটনা, হাসপাতালে নেওয়ার আগেই প্রাণ যায় ১৬ বছর বয়সী আলামিনের

পঞ্চগড় সদর উপজেলায় চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে আলামিন (১৬) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন ওই এলাকার হযরত আলীর ছেলে।

ট্রাক্টরে উঠতে গিয়ে দুর্ঘটনা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে আলামিন ট্রাক্টর শ্রমিক হিসেবে বালু লোড-আনলোডের কাজ করত। সোমবার সকালে চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে তার পা পিছলে যায়। এ সময় সে ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। এতে তার মুখ ও মাথা থেতলে যায়।

পরে তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রেজওয়ানুল্লাহ বলেন, ওই শ্রমিকের মাথা ও মুখ চাকার নিচে পড়ে থেতলে গেছে। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যরা থানায় হাইওয়ে আইনে নিয়মিত একটি মামলা করেছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন