সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

খুলনায় সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অভিযান শুরু

শীর্ষ অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবি; গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়ানো হয়েছে নজরদারি

খুলনায় সার্বিক নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। সোমবার সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ টহল ও অভিযান পরিচালনা করছেন পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যরা। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও অংশ নিচ্ছেন। ইতোমধ্যে আজম শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শীর্ষ অপরাধীদের ধরতে অভিযান

অভিযানের বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান বাসসকে বলেন, কয়েক দিন ধরে পুলিশের আলাদা টহল চলছিল। তবে সোমবার সকাল থেকে সন্ত্রাস দমনে এসআরবি, বিজিবি, আনসার ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ টহল শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা একসঙ্গে অভিযান ও টহল দিচ্ছেন।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুলনার চিহ্নিত শীর্ষ অপরাধীদের একটি তালিকা দেওয়া হয়েছে। তাদের আইনের আওতায় আনতেই মূলত এ অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে আজম শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যত দিন প্রয়োজন, যৌথ বাহিনীর এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নজরদারি

কেএমপি কমিশনার আরও জানান, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রলবোমা হামলার ঘটনার পর গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

নিরাপত্তা কার্যক্রমে অংশ নিতে বাইরে থেকে আরও ২০০ আনসার সদস্য আসার কথা রয়েছে। তবে সোমবার পর্যন্ত তারা এসে পৌঁছাননি। জেলার নিরাপত্তার ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জেলা পুলিশের চেকপোস্ট ও তল্লাশি

এদিকে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে। পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে জেলার নয়টি থানার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

অভিযান চলাকালে যানবাহনের কাগজপত্র যাচাই এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে।

এসব অভিযানে ইতোমধ্যে মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন