পরীক্ষামূলকভাবে ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা; গ্রিডের ফ্রিকোয়েন্সি ও স্থিতিশীলতা যাচাই করা হবে
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। কেন্দ্রটির পরীক্ষামূলক কার্যক্রমে এটিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এই পরীক্ষামূলক সংযোগের মাধ্যমে কেন্দ্রটিতে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনের প্রক্রিয়া এবং বাড়তি বিদ্যুৎ সরবরাহের বিপরীতে বিদ্যুৎ ব্যবস্থা কীভাবে সাড়া দেয়, তা মূল্যায়ন করা হবে। বিশেষ করে গ্রিডের ফ্রিকোয়েন্সি স্থিতিশীল রাখার সক্ষমতা পরীক্ষা করা হবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, কেন্দ্রটিকে গ্রিডের সঙ্গে যুক্ত করার প্রস্তুতি চলছে বলে তাঁকে প্রকল্প পরিচালক জানিয়েছেন।
তিনি বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক আমাকে জানিয়েছেন যে আগামীকালের মধ্যে এটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে।’
আগের কয়েকটি প্রচেষ্টা সফল হয়নি
তবে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিবি) একজন কর্মকর্তা জানান, এর আগেও কেন্দ্রটিকে জাতীয় গ্রিডের সঙ্গে সিনক্রোনাইজ বা সমন্বিত করার কয়েকটি প্রচেষ্টা সফল হয়নি।
ওই কর্মকর্তা বলেন, ‘একটি পরীক্ষার সময়সূচি নির্ধারিত আছে এবং এটি হওয়ার সম্ভাবনা আছে। তবে ঠিক কখন এটি ঘটবে, তা আমি নিশ্চিত করে বলতে পারছি না। খুব শিগগিরই এটি সম্পন্ন হবে।’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কেন্দ্রটি থেকে প্রাথমিকভাবে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে।
গ্রিডের স্থিতিশীলতা যাচাই হবে
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন টিবিএসকে বলেন, উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে সঞ্চালনের জন্য কেন্দ্রটি এখন প্রস্তুত। তাই এই সমন্বয় প্রক্রিয়া বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক কার্যক্রমেরই অংশ।
তিনি বলেন, জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হওয়া বৃহত্তর একটি পরীক্ষার অংশ। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হলে জাতীয় গ্রিড কীভাবে সাড়া দেয়, বিশেষ করে পুরো ব্যবস্থা স্থিতিশীল ফ্রিকোয়েন্সি বজায় রাখতে পারে কি না, তা মূল্যায়ন করা হবে।
আনোয়ার হোসেন জানান, টারবাইনের সমন্বয়কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরবর্তী ধাপে বিদ্যুৎ সরবরাহের পর গ্রিডের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে।
তিনি বলেন, ‘চূড়ান্তভাবে কেন্দ্রটিকে গ্রিডের সঙ্গে যুক্ত হতেই হবে। টারবাইনের সমন্বয়কাজ শেষ হয়েছে। এটি গ্রিডের সঙ্গে যুক্ত হলে গ্রিড কেমন আচরণ করে, ফ্রিকোয়েন্সির কী অবস্থা হয় এবং পুরো ব্যবস্থা স্থিতিশীল থাকে কি না, তা আমরা পর্যবেক্ষণ করব।’
পরীক্ষার পর আবার বন্ধ করা হতে পারে
আরও পর্যবেক্ষণের জন্য কেন্দ্রটি নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রিডের সঙ্গে যুক্ত রাখার পর আবার বন্ধ করা হবে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এটি কেন্দ্র চালুর বা কমিশনিং প্রক্রিয়ার স্বাভাবিক অংশ।
আনোয়ার হোসেন বলেন, ‘সংযুক্ত করার পর তারা কিছু সময় এটি পর্যবেক্ষণ করবে এবং এরপর আবার বন্ধ করে পরীক্ষা-নিরীক্ষা চালাবে। এগুলো স্বাভাবিক প্রক্রিয়া।’
তিনি জানান, প্রাথমিক সমন্বয় সফল হলে এবং গ্রিড স্থিতিশীল থাকলে কেন্দ্রটি কয়েক ঘণ্টা চালু থাকতে পারে। তবে কোনো কারিগরি জটিলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হবে।
তাঁর ভাষায়, ‘সবকিছু ঠিকমতো কাজ করলে এবং ব্যবস্থাটি স্থিতিশীল থাকলে এটি কয়েক ঘণ্টা চলতে পারে। কোনো জটিলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে এটি বন্ধ করে দেওয়া হবে। এরপর আবার তা যুক্ত করা হতে পারে।’

