বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের প্রথম ‘ইয়ুথ ট্যুরিজম এক্সপো

১৯ থেকে ২১ নভেম্বর ফার্মগেটে অনুষ্ঠিত হবে বিওয়াইটিই ২০২৬; থাকবে ৫৮টি বিশেষায়িত স্টল, ক্যারিয়ার সামিট ও বিজনেস নেটওয়ার্কিং

দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের প্রসার, তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততা এবং পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী প্রথম বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো—বিওয়াইটিই ২০২৬।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর পর্যন্ত রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ মেলা চলবে।

ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব) আয়োজিত এ এক্সপো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী আমিনুল হক

এক্সপোর উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া প্রধানমন্ত্রীর যুব ও কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী, পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

প্রথম দিন ক্যারিয়ার সামিট ও ইনফ্লুয়েন্সার মিটআপ

আয়োজকরা জানান, মেলার প্রথম দিন সকাল ১০টায় সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত করা হবে। দুপুর ১২টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে ‘ট্যুরিজম ক্যারিয়ার সামিট’। বিকেল ৫টায় থাকবে ‘ট্যুরিজম ইনফ্লুয়েন্সার মিটআপ’। দিনের শেষ আয়োজন হিসেবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সংগীত পরিবেশন করবেন শিল্পী তাসরিফ খান।

দ্বিতীয় দিন ব্যবসায়িক যোগাযোগ ও নেটওয়ার্কিং

শুক্রবার (২০ নভেম্বর) পর্যটন খাতের ব্যবসায়িক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। এদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী ও মেলা চলবে। পাশাপাশি অনুষ্ঠিত হবে ট্যুরিজম বিজনেস নেটওয়ার্কিং, পর্যটন গন্তব্য ও ভ্রমণপণ্যের প্রদর্শনী এবং দর্শনার্থীদের অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রম।

শেষ দিনে সম্মাননা ও র‍্যাফল ড্র

শনিবার (২১ নভেম্বর) মেলার শেষ দিনে প্রদর্শনী ও মেলার পাশাপাশি প্রদর্শকদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ, অংশীদারদের অভিজ্ঞতা বিনিময় ও সম্মাননা প্রদান এবং গ্র্যান্ড র‍্যাফল ড্র অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এ আয়োজন।

থাকছে ৫৮টি বিশেষায়িত স্টল

আয়োজকদের প্রত্যাশা, দেশের পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, পেশাজীবী, উদ্যোক্তা ও তরুণ পর্যটনপ্রেমীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে এ এক্সপো অভ্যন্তরীণ পর্যটনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের অভ্যন্তরীণ পর্যটনকে উদযাপন, প্রচার ও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইট্যাব) সভাপতি ও এক্সপোর আহ্বায়ক মো. ইমরানুল আলম বলেন, দেশে অভ্যন্তরীণ পর্যটনকে কেন্দ্র করে উল্লেখযোগ্য কোনো পর্যটন মেলা আয়োজন করা হয় না। যেসব মেলা হয়, সেগুলো মূলত আন্তর্জাতিক পর্যটন গন্তব্যকেন্দ্রিক। তবে এবার দেশের অভ্যন্তরীণ পর্যটনকেন্দ্রগুলোকে নিয়েই দেশের বৃহত্তম পর্যটন মেলার আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের সুযোগ-সুবিধা তুলে ধরে অভ্যন্তরীণ পর্যটনে বিপ্লব ঘটাতে চান তাঁরা। বিশেষ করে পর্যটন খাতে এখন হাজার হাজার তরুণ উদ্যোক্তা কাজ করছেন। তাঁদের এই তারুণ্যকে কাজে লাগিয়ে সরকার, প্রশাসন, উদ্যোক্তা ও পর্যটকদের মধ্যে সেতুবন্ধ গড়ে তুলবে এ মেলা।

এবারের ইয়ুথ ট্যুরিজম এক্সপোতে থাকবে ৫৮টি বিশেষায়িত স্টল। সাগর, হাওর, পাহাড়, লেক ও গ্রামীণ ইকোট্যুরিজম নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের কার্যক্রম ও পর্যটন গন্তব্যের ধরন অনুযায়ী সাজানো হবে এসব স্টল।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন