মওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় যুগে যুগে আমাদের প্রেরণা জোগাবেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
শোষিত-বঞ্চিত মানুষের কণ্ঠস্বর
বাণীতে রুহুল কবির রিজভী বলেন, মওলানা ভাসানী ছিলেন আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর। শোষিত, নির্যাতিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন উচ্চকিত। মজলুমের বন্ধু হিসেবে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এবং অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি সোচ্চার প্রতিবাদী ভূমিকা পালন করেছেন।
ভাসানীর দেখানো পথই পাথেয়
রিজভী বলেন, আমাদের ভূ-প্রাকৃতিক পরিবেশ, মাটি, মানুষ ও সংস্কৃতির ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিরবচ্ছিন্ন আগ্রাসন চলছে। এ পরিস্থিতিতে মওলানা ভাসানী প্রদর্শিত পথই আমাদের পাথেয়। যুগে যুগে শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি প্রেরণার উৎস হয়ে থাকবেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

