সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সাতক্ষীরা সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির ২১ রাউন্ড গুলি

সদর, কলারোয়া ও শ্যামনগরের সাতটি সীমান্ত পথে অনুপ্রবেশের চেষ্টা; নজরদারিতে সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহারের উদ্যোগ

সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এর মধ্যেই পুশইনের চেষ্টা প্রতিহত করতে সীমান্তে ২১ রাউন্ড গুলি চালিয়েছে বিজিবি। এ সময় বিজিবির তৎপরতার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও অবৈধ অনুপ্রবেশকারীরা সরে যায় বলে জানা গেছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কাজী আশিকুর রহমান এবং নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সহল আব্দুল্লাহ সময় সংবাদকে এসব তথ্য জানান।

সাতটি সীমান্ত পথে অনুপ্রবেশের চেষ্টা

দুই বিজিবি অধিনায়ক জানান, রোববার (১৫ নভেম্বর) রাতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিএসএফের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের প্রস্তুতির বিষয়ে গোপন সংবাদ পায় বিজিবি। এর ভিত্তিতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়ার পাশাপাশি নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

গভীর রাতে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার হাড়দ্দাহ, গাজীপুর, বৈকারী ও হিজলদি সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালায় বিএসএফ। একই সময়ে শ্যামনগর উপজেলার কৈখালী, উত্তর কৈখালী ও পরানপুর সীমান্ত দিয়েও অনুপ্রবেশের চেষ্টা করা হয়।

এসব চেষ্টা প্রতিহত করতে ৩৩ বিজিবি ১২ রাউন্ড এবং ১৭ বিজিবি ৯ রাউন্ড গুলি চালায়। এতে বিএসএফ সদস্যসহ অবৈধ অনুপ্রবেশকারীরা সরে পড়ে বলে জানান বিজিবির কর্মকর্তারা।

সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহারের উদ্যোগ

বিজিবির দুই অধিনায়ক জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি আরও কঠোর করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল চালানো হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।

রাতের বেলায় নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর ফলে দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে আশা করছে বিজিবি।

স্থানীয়দের সহযোগিতা চেয়েছে বিজিবি

সীমান্ত সুরক্ষায় স্থানীয় মানুষের সহযোগিতাকেও গুরুত্ব দিচ্ছে বিজিবি। নিষিদ্ধ, বিতর্কিত, অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কোনো কিছু চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানিয়েছে বাহিনীটি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন