শোষিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রামী এই নেতার স্মরণে ঢাকা ও টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচি; বাণী দিয়েছেন রাষ্ট্রপতি
শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর)।
১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলের সন্তোষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন।
গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা—প্রতিটি পর্যায়েই মওলানা ভাসানী ছিলেন গণমানুষের পক্ষে সোচ্চার। ক্ষমতার চেয়ে মানুষের অধিকার, ব্যক্তিস্বার্থের চেয়ে জনস্বার্থ এবং আপসের চেয়ে ন্যায়ের প্রশ্নকে প্রাধান্য দেওয়া এই নেতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
তাঁর রাজনীতির মূল শক্তি ছিল সাধারণ মানুষের সঙ্গে গভীর সংযোগ। কৃষক, শ্রমিক, ভূমিহীন ও দরিদ্র মানুষের জীবনসংগ্রামকে তিনি রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছিলেন। তাঁর কাছে স্বাধীনতা কেবল রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অর্জন নয়, মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি নিশ্চিত করারও বিষয় ছিল।
জন্ম ও রাজনৈতিক জীবনের সূচনা
মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শরাফত আলী খান এবং মাতা মোসাম্মৎ মজিরন বিবি। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ভাসানী পরবর্তী সময়ে ভারতের দেওবন্দে ইসলামি শিক্ষায় অধ্যয়ন করেন। তবে তাঁর চিন্তা ও কর্ম কেবল ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ থাকেনি। সমাজের অসংগতি, শ্রেণিবৈষম্য ও সাধারণ মানুষের বঞ্চনা তাঁকে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে যুক্ত করে।
১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন তিনি। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন মওলানা ভাসানী।
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা-পরবর্তী ভূমিকা
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন তিনি। পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকালে বাংলাদেশের প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
স্বাধীনতার পর ১৯৭২ সালের ২২ জানুয়ারি দেশে ফিরে সাধারণ মানুষের অধিকার ও রাষ্ট্রের জবাবদিহির প্রশ্নে আবারও সক্রিয় হন। স্বাধীন বাংলাদেশেও তাঁর রাজনীতির মূল লক্ষ্য ছিল শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি জনগণের অধিকার, খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক সাম্য এবং গণতান্ত্রিক জবাবদিহির দাবি জানান। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তাঁর অনশন কর্মসূচি সাধারণ মানুষের জীবনসংগ্রামের প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ ছিল।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ উপলক্ষে জাতীয় কমিটি গঠন করেছে। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্যসচিব করা হয়েছে।
অন্যদিকে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ১১ নভেম্বর থেকে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলা শুরু হয়েছে। মেলাটি আগামীকাল ১৭ নভেম্বর শেষ হবে।

