দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য অতিরিক্ত কাজের সুযোগ সৃষ্টিতে দোহাকে প্রস্তাব; বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা
দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
আজ কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে বাংলাদেশের এ আগ্রহের কথা তুলে ধরা হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কাতারে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রস্তাব
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কাতারের দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি নিয়োগের মতো খাতে বিদ্যমান অব্যবহৃত সুযোগগুলো কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
বিভিন্ন খাতে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে কাতারের সঙ্গে শ্রম সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশের আগ্রহ পুনর্ব্যক্ত করেন তিনি।
কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের কর্মীদের নিষ্ঠা, পরিশ্রম ও মর্যাদার স্বীকৃতি দেন। পাশাপাশি কাতারের অর্থনীতিতে তাঁদের অবদানের প্রশংসা করেন।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বর্ধিত অর্থনৈতিক অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়েও আলোচনা হয়।
কাতারের সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ
বৈঠককালে রাষ্ট্রদূত আল কাহতানি দোহায় অনুষ্ঠেয় একটি আসন্ন সম্মেলনে যোগ দেওয়ার জন্য কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফির পক্ষ থেকে দেওয়া একটি আমন্ত্রণপত্র হুমায়ুন কবিরের হাতে তুলে দেন।
রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা
এ ছাড়া বৈঠকে দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট এবং এর টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক যোগাযোগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে রোহিঙ্গা ইস্যুতে ধারাবাহিক সমর্থন ও সহযোগিতার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টায় কাতারের অব্যাহত সম্পৃক্ততা ও সহায়তাও কামনা করেন তিনি।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ ও কাতার।

