মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শব্দদূষণ রোধে আতশবাজি-হর্ন নিয়ন্ত্রণ, নিয়মিত অভিযানের নির্দেশ হাইকোর্টের

নীরব এলাকায় সাইনবোর্ড স্থাপন, জনসচেতনতা সৃষ্টি ও অভিযোগ নিষ্পত্তিতে হটলাইন চালুর নির্দেশ; প্রতি তিন মাসে আদালতে প্রতিবেদন দিতে হবে

শব্দদূষণ রোধে অপ্রয়োজনীয় হর্ন ও আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণ এবং নীরব এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টি, অভিযোগ নিষ্পত্তিতে বিশেষ ব্যবস্থা চালু এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে নির্দেশনা দিয়েছেন আদালত।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা জনস্বার্থমূলক এক রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

শব্দদূষণ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে রুল

রুলে শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধান পরিপন্থী ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। একই সঙ্গে নীরব এলাকাগুলোতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

নীরব এলাকায় সাইনবোর্ড ও নিয়মিত অভিযান

আদেশে নীরব এলাকাগুলোতে যথাযথ চিহ্ন বা সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব এলাকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও মতবিনিময়ের কথাও বলা হয়েছে।

চালক, নির্মাণস্থলের ব্যবস্থাপক এবং শব্দদূষণ সৃষ্টির আশঙ্কা রয়েছে—এমন অন্য ব্যক্তিদের মধ্যে সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি ও বিশেষ বার্তা, যেমন এসএমএস প্রচারের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে বলা হয়েছে।

অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ও সড়ক পরিবহন আইন অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন আদালত।

হটলাইন চালু ও জনসচেতনতা সৃষ্টির নির্দেশ

শব্দদূষণসংক্রান্ত অভিযোগ ও অসন্তোষ নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে হটলাইন নম্বর চালুর বিষয়টিও উল্লেখ করেছেন আদালত।

এ ছাড়া শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার বিধান সম্পর্কে জনসচেতনতা তৈরিতে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

এসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে প্রতি তিন মাস অন্তর হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আদালতে বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার মো. আশরাফ আলী। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী হাসানুল বান্না।

কোন এলাকাগুলো নীরব এলাকা

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতের চারপাশের ১০০ মিটার এলাকাকে সুনির্দিষ্টভাবে ‘নীরব এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইতোমধ্যে ঢাকা শহরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরের তিন কিলোমিটার এলাকা, সচিবালয় ও এর আশপাশ, আগারগাঁও, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকা, ডিএনসিসি, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন