ইদলিব প্রদেশের গ্রামীণ এলাকায় আসাদ সরকারের আমলে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হয়েছে আরও এক শিশু; যুদ্ধের পরও দেশজুড়ে ছড়িয়ে রয়েছে স্থলমাইন ও অবিস্ফোরিত গোলাবারুদ।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে পাঁচ শিশু নিহত ও একজন আহত হয়েছে। রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে পুঁতে রাখা একটি মাইন থেকে এ বিস্ফোরণ ঘটে। ইদলিব প্রদেশের গ্রামীণ এলাকার উম খুজাইম গ্রামে এ ঘটনা ঘটে।
যুদ্ধের পরও রয়ে গেছে মাইন ও অবিস্ফোরিত গোলাবারুদ
১৩ বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পরও সিরিয়ার বিভিন্ন এলাকায় স্থলমাইন ও অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। যুদ্ধের সময় বিভিন্ন পক্ষ দেশটির নানা স্থানে এসব মাইন পুঁতে রাখে।
২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতন থেকে চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর সময় পর্যন্ত জাতিসংঘের মাইন অপসারণ কর্মসূচির নেতৃত্বে পরিচালিত দেশব্যাপী সমন্বয় ব্যবস্থার তথ্য অনুযায়ী, সিরিয়ায় বিস্ফোরক অস্ত্রের ১ হাজার ৩৩৭টি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২ হাজার ৩৭৫ জন নিহত বা আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৮৫০ জনের বেশি শিশু।
বেসরকারি সংস্থা হ্যালো ট্রাস্টের সিরিয়া কর্মসূচির ব্যবস্থাপক সাইমন জ্যাকসন গত সেপ্টেম্বরে এএফপিকে বলেন, স্থলমাইন ও অবিস্ফোরিত যুদ্ধাস্ত্রের কারণে সিরিয়ায় প্রতি ছয় ঘণ্টায় গড়ে একজন নিহত বা আহত হচ্ছেন।
ল্যান্ডমাইন অ্যান্ড ক্লাস্টার মিউনিশন মনিটরের জুনে প্রকাশিত প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিশ্বে মাইন ও বিস্ফোরক যুদ্ধাবশেষের কারণে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে সিরিয়ায়। ওই বছর দেশটিতে ১ হাজার ৬০০ মানুষ নিহত বা আহত হন।

