সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ইরানে যৌথ হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

নতুন বছরের আগে হামলার নির্দেশ দিতে অনাগ্রহী ট্রাম্প; ইরানে সম্ভাব্য অভিযান অন্তত এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার কথা ভাবছে ওয়াশিংটন

ইরানে যৌথ সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ট্রাম্প এখনো ইরানে হামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। বরং আপাতত তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে অনাগ্রহী বলে জানা গেছে।

রোববার (২১ নভেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্রের বরাতে ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান এ তথ্য জানিয়েছে।

আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ওপর চাপ থাকলেও ইরানে হামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে ইসরাইলের জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তারা নেতানিয়াহুকে সতর্ক করেছেন, ইরানে নতুন করে ইসরাইলি হামলা চালানো হলে তা লেবানন, সিরিয়া ও গাজাসহ বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।

এদিকে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সম্ভাব্য সামরিক হামলা অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে একই সময়ে যৌথ অভিযান চালাতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইসরাইল। ইরানের পক্ষ থেকে আকস্মিক হামলার আশঙ্কায় নিজেদের সামরিক প্রস্তুতিও জোরদার করছে দেশটি।

হোয়াইট হাউসের কর্মকর্তাদের ধারণা, আগামী কয়েক দিনের মধ্যে ট্রাম্পের হামলার অনুমোদন দেওয়ার সম্ভাবনা কম। কারণ, বর্তমান পরিস্থিতিকে মার্কিন স্বার্থের অনুকূল মনে করছে না প্রশাসন।

নতুন বছরের আগে হামলায় অনাগ্রহী ট্রাম্প

রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, নতুন বছরের আগে ইরানে হামলার নির্দেশ দিতে তিনি আগ্রহী নন।

ফক্স নিউজের প্রধান বিদেশবিষয়ক সংবাদদাতা ট্রে ইংস্ট ট্রাম্পের কাছে জানতে চান, ইরান যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙার প্রস্তুতি নিচ্ছে বলে যে খবর এসেছে, সে বিষয়ে তাঁর অবস্থান কী।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, তারা এমনটা করবে। তাহলে তাদের নৌবাহিনীর বাকি জাহাজগুলোর মতো সেগুলোও সমুদ্রের তলদেশে চলে যাবে।’

ট্রে ইংস্ট জানান, কূটনৈতিক আলোচনায় কোনো সমঝোতা না হলে নতুন বছরের পর ইরানের ওপর আবারও সামরিক হামলা শুরু করার পক্ষে রয়েছেন ট্রাম্প।

আলোচনা দীর্ঘায়িত করার অভিযোগ

ইরানি আলোচকদের বিরুদ্ধে অর্থবহ কোনো ছাড় না দিয়ে আলোচনা দীর্ঘায়িত করার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাদের ‘পেশাদার কথার কারিগর’ বলেও কটাক্ষ করেন তিনি।

সূত্র: ওয়াই নেট নিউজ, গালফ নিউজ


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন