সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের অংশ কমছে, বাড়ছে কয়লার ব্যবহার

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৬ দশমিক ২৪ শতাংশ এসেছিল কয়লাভিত্তিক কেন্দ্র থেকে। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৭২ শতাংশে। অর্থাৎ চার বছরে উৎপাদনে কয়লার অংশ বেড়েছে ৩২৮ দশমিক ২১ শতাংশ।

সাম্প্রতিক মাসগুলোতে এ পরিবর্তন আরও স্পষ্ট হয়েছে। সর্বোচ্চ চাহিদার কয়েকটি দিনে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রকে ছাড়িয়ে গেছে কয়লাভিত্তিক কেন্দ্রগুলো।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য বলছে, ৩ অক্টোবর সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময় মোট বিদ্যুৎ উৎপাদনের ৩৬ শতাংশ এসেছে কয়লা থেকে। গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে এসেছে ৩৪ শতাংশ। পরদিনও কয়লা এগিয়ে ছিল। সেদিন কয়লা থেকে উৎপাদিত বিদ্যুতের অংশ ছিল ৩৫ শতাংশ, গ্যাস থেকে ৩৩ শতাংশ।

তবে ৫ অক্টোবর গ্যাস সামান্য ব্যবধানে আবার এগিয়ে যায়। ওই দিন সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময় ৩৫ শতাংশ বিদ্যুৎ এসেছে গ্যাস থেকে এবং ৩৩ শতাংশ কয়লা থেকে। এ ছাড়া হেভি ফুয়েল অয়েল (এইচএফও) থেকে ১৯ শতাংশ এবং ভারত থেকে আমদানি করা বিদ্যুতের অংশ ছিল ১০ শতাংশ।

বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতার মধ্যে কয়লা একটি স্থিতিশীল প্রাথমিক জ্বালানি হিসেবে আবির্ভূত হয়েছে।

তিনি টিবিএসকে বলেন, ভবিষ্যতের বিদ্যুৎ উৎপাদনে স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে কয়লা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যান্য জ্বালানির তুলনায় কয়লাভিত্তিক বিদ্যুৎ তুলনামূলক সস্তা। আগামী গ্রীষ্মের চাহিদা মেটাতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। এ জন্য পর্যাপ্ত কয়লা আমদানির উদ্যোগও নেওয়া হয়েছে।

বিপিডিবির তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে মোট বিদ্যুৎ উৎপাদনের ৫৫ দশমিক ০৬ শতাংশ এসেছিল গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে। ২০২২-২৩ অর্থবছরে তা কমে ৫২ দশমিক ০২ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে ৪৮ দশমিক ৫২ শতাংশ এবং ২০২৪-২৫ অর্থবছরে ৪৪ দশমিক ০৮ শতাংশে নেমে আসে।

অন্যদিকে একই সময়ে কয়লার অংশ ৬ দশমিক ২৪ শতাংশ থেকে বেড়ে ২০২২-২৩ অর্থবছরে ১১ দশমিক ৪০ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে ১৯ দশমিক ৯৪ শতাংশ এবং ২০২৪-২৫ অর্থবছরে ২৬ দশমিক ৭২ শতাংশে পৌঁছেছে।

এ সময়ের মধ্যে পায়রা, রামপাল, মাতারবাড়ী, এসএস পাওয়ার ও পটুয়াখালীর মতো কয়েকটি বড় বেসলোড কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে এসেছে। ২০২৩ সালে ভারতের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৪৯৬ মেগাওয়াট সক্ষমতার কেন্দ্র থেকেও বাংলাদেশ বিদ্যুৎ আমদানি শুরু করে। এতে দেশের বিদ্যুৎ সরবরাহে কয়লাভিত্তিক আরেকটি বড় উৎস যুক্ত হয়।

গোড্ডাসহ ছয়টি প্রধান কয়লাভিত্তিক কেন্দ্রের মোট নির্ভরযোগ্য উৎপাদন সক্ষমতা প্রায় ৭ হাজার ৫১৮ দশমিক ৬ মেগাওয়াট। এর মধ্যে এসএস পাওয়ারের ১ হাজার ২২৪ মেগাওয়াট, মাতারবাড়ীর ১ হাজার ১৫০ মেগাওয়াট, রামপালের ১ হাজার ২৩৪ মেগাওয়াট, পটুয়াখালীর ১ হাজার ১৭০ দশমিক ৬ মেগাওয়াট, পায়রার ১ হাজার ২৪৪ মেগাওয়াট এবং আদানি পাওয়ারের ১ হাজার ৪৯৬ মেগাওয়াট।

তুলনামূলক অল্প সময়ের মধ্যে কয়েকটি বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প উৎপাদনে আসায় দেশের বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি-মিশ্রণে মৌলিক পরিবর্তন এসেছে।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের দুটি ইউনিট ২০২০ ও ২০২১ সালে বাণিজ্যিক উৎপাদনে আসে। রামপালের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট চালু হয় ২০২২ সালের ডিসেম্বরে এবং দ্বিতীয় ইউনিট ২০২৩ সালে। এসএস পাওয়ারের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট ২০২৩ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এরপর মাতারবাড়ীর ৬০০ মেগাওয়াটের দুটি ইউনিট চালু করা হয়।

১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার পটুয়াখালী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ২০২৫ সালের জানুয়ারিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু করে। অন্যদিকে আদানি পাওয়ারের ১ হাজার ৪৯৬ মেগাওয়াটের গোড্ডা কেন্দ্র ২০২৩ সাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে। ওই বছরের এপ্রিল ও জুনে কেন্দ্রটির দুটি ইউনিট চালু হয়।

এসব কেন্দ্রের প্রত্যাশিত আয়ুষ্কাল ২২ থেকে ২৫ বছর। ফলে আগামী কয়েক দশক বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে কয়লা গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখতে পারে।

বিপিডিবির আগস্ট মাসের তথ্য অনুযায়ী, দেশে ১৩৬টি বিদ্যুৎকেন্দ্রের মোট স্থাপিত উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৩৪৭ মেগাওয়াট। এর মধ্যে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোর সক্ষমতা ১১ হাজার ৭০৪ মেগাওয়াট, যা মোট সক্ষমতার প্রায় ৪১ শতাংশ। আর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর স্থাপিত সক্ষমতা ৬ হাজার ৫০৯ মেগাওয়াট বা মোট সক্ষমতার প্রায় ২৩ শতাংশ।

বিদ্যুৎ উৎপাদনে কয়লার অংশ বাড়ার পেছনে শুধু নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হওয়াই কারণ নয়। গ্যাসভিত্তিক বহু বিদ্যুৎকেন্দ্রে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করতে না পারাও এর বড় কারণ।

একদিকে দেশীয় গ্যাসের উৎপাদন কমেছে, অন্যদিকে বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা, সার কারখানা, ক্যাপটিভ জেনারেটর, সিএনজি স্টেশনসহ বিভিন্ন খাতে গ্যাসের চাহিদা বেড়েছে।

সরকারের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট।

এই ঘাটতির কারণে সরকারকে বিভিন্ন খাতে গ্যাস রেশনিং করতে হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনেও বিপুল পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, ৫০ শতাংশের কম লোড ফ্যাক্টরেও গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে প্রায় ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে দৈনিক অন্তত ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন।

শিল্পকারখানা, সার কারখানা ও অন্যান্য অগ্রাধিকারপ্রাপ্ত গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বাড়ালে বিদ্যুৎকেন্দ্রগুলোকে উৎপাদন কমাতে হয়। ফলে শিল্পে গ্যাস সরবরাহ এবং বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ব্যবহারের মধ্যে সরাসরি টানাপোড়েন তৈরি হচ্ছে।

দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়ার ঘাটতি পূরণে ২০১৮ সালে এলএনজি আমদানি শুরু করে বাংলাদেশ। তবে আমদানিকৃত গ্যাসের বড় অংশের জন্য এখনো মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) ওপর নির্ভর করতে হয়।

এই সরবরাহ ব্যবস্থায় বিভিন্ন সময়ে বিঘ্ন ঘটেছে। ২১ জুলাই এক্সিলারেট এনার্জির একটি এফএসআরইউতে আগুন লাগার ঘটনায় এলএনজি সরবরাহ ব্যাহত হয়। এতে দৈনিক কয়েকশ মিলিয়ন ঘনফুট পুনঃগ্যাসীকরণ সক্ষমতা হারাতে হয়। এর প্রভাব পড়ে বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানায় গ্যাস সরবরাহে।

পরে গ্যাস সরবরাহ আবার স্বাভাবিক হয়। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর দেশে মোট গ্যাস সরবরাহ দাঁড়ায় দৈনিক ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে আসে ১ হাজার ৬২০ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে ৯৯০ মিলিয়ন ঘনফুট।

তবে সরবরাহ পুনরুদ্ধার হলেও গ্যাস সরবরাহের কাঠামোগত সমস্যার সমাধান হয়নি। ভূরাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের কারণেও বাংলাদেশের এলএনজি সরবরাহ ব্যাহত হয়েছে। কাতারের এলএনজি সরবরাহে বিঘ্ন এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় পেট্রোবাংলাকে স্পট মার্কেট থেকে অনেক বেশি দামে বাড়তি কার্গো কিনতে হয়েছে।

আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় কয়লার তুলনায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে। বিশেষ করে গ্যাসের সরবরাহ নিয়েই যখন অনিশ্চয়তা রয়েছে, তখন কয়লার ওপর নির্ভরতা বাড়ানোর প্রবণতা আরও জোরালো হচ্ছে।

বাংলাদেশের বিদ্যুৎ খাতের বিবেচনায় এখন শুধু গ্যাস ও কয়লাভিত্তিক কেন্দ্রের স্থাপিত সক্ষমতার তুলনাই মুখ্য নয়। কোন জ্বালানি সাশ্রয়ী দামে এবং নির্ভরযোগ্যভাবে পাওয়া যাবে, সেটিই বড় হয়ে উঠছে।

কয়লাভিত্তিক বেসলোড কেন্দ্রগুলো সাধারণত দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ চুক্তি ও মজুতের সুবিধা পায়। ফলে দেশীয় গ্যাসের দৈনিক প্রাপ্যতা কিংবা এলএনজি কার্গো পৌঁছানোর ওপর নির্ভর না করেও এসব কেন্দ্র দীর্ঘ সময় চালু রাখা সম্ভব।

অন্যদিকে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ইউনিট কারিগরিভাবে প্রস্তুত থাকলেও পর্যাপ্ত গ্যাস না পেলে সেগুলো অলস বসে থাকে অথবা সক্ষমতার চেয়ে কম উৎপাদন করে।

সাম্প্রতিক এলএনজি সরবরাহে বিঘ্ন এই দুর্বলতাকে আরও স্পষ্ট করেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কয়লার ওপর নির্ভরতা বাড়ানোর যুক্তিও এতে জোরালো হয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের সিস্টেম অপারেশন-সংক্রান্ত তথ্যেও উৎপাদনের এ পরিবর্তন দেখা যাচ্ছে।

আগস্টে আমদানি বাদে দেশে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ৯ হাজার ১১১ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা। এর মধ্যে কয়লাভিত্তিক কেন্দ্র উৎপাদন করেছে ৩ হাজার ৮৫৪ দশমিক ২৮ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা এবং গ্যাসভিত্তিক কেন্দ্র ৩ হাজার ৪৬১ দশমিক ০৮ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা।

জুলাইয়েও কয়লা এগিয়ে ছিল। ওই মাসে কয়লা থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ছিল ৩ হাজার ৯২০ দশমিক ২১ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা। গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে উৎপাদন হয় ৩ হাজার ৬৫৯ দশমিক ১৫ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা।

তবে জুনে গ্যাস এগিয়ে ছিল। ওই মাসে গ্যাস থেকে উৎপাদন হয় ৩ হাজার ৭৪৫ দশমিক ৮৬ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা এবং কয়লা থেকে ৩ হাজার ৫৫০ দশমিক ১৪ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা। মে মাসে গ্যাস থেকে উৎপাদন ছিল ৩ হাজার ৯৩৫ দশমিক ৫৯ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা, আর কয়লা থেকে ৩ হাজার ১৬৬ দশমিক ১০ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা।

আগের মাসগুলোতে গ্যাস ও কয়লার উৎপাদনের ব্যবধান ছিল আরও বেশি। এপ্রিলে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন হয় ৩ হাজার ৬৮০ দশমিক ৮২ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা এবং কয়লা থেকে ২ হাজার ৮১৭ দশমিক ০৮ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা। মার্চে এ পরিমাণ ছিল যথাক্রমে ৩ হাজার ৫৪৮ দশমিক ১৮ ও ২ হাজার ৬২৪ দশমিক ৯৬ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা।

ফেব্রুয়ারিতে গ্যাস থেকে উৎপাদন হয় ৩ হাজার ২৫ দশমিক ২৫ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা এবং কয়লা থেকে ২ হাজার ১৭৫ দশমিক ৬১ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা। জানুয়ারিতে গ্যাস থেকে উৎপাদন ছিল ২ হাজার ৯০৮ দশমিক ১৪ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা, আর কয়লা থেকে ২ হাজার ৪১১ দশমিক ৮০ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা।

মাসিক পরিসংখ্যান বলছে, কয়লার এগিয়ে যাওয়া এখনো ধারাবাহিক বা স্থায়ী হয়নি। তবে গ্যাসের সরবরাহ যত অনিশ্চিত হচ্ছে, বিদ্যুৎ উৎপাদনের ভারসাম্য ততই কয়লার দিকে ঝুঁকছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন