সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সৌরবিদ্যুতে গ্রিন পোর্ট হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

বন্দরের অব্যবহৃত ছাদে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করে পরিবেশবান্ধব ও টেকসই বন্দর ব্যবস্থাপনা গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সরকারের ‘গ্রিন পোর্ট ইনিশিয়েটিভ’-এর আওতায় ৮ দশমিক ৪২ মেগাওয়াট-পিক (এমডব্লিউপি) ক্ষমতার এ কেন্দ্র স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী ২০ বছরে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব সৈয়দ রেফায়েত হামিম বাসসকে জানান, গত ১৯ অক্টোবর সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বেসরকারি প্রতিষ্ঠান গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভস লিমিটেডের (জিজিআই) সঙ্গে চুক্তি করেছে বন্দর কর্তৃপক্ষ।

চুক্তিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামান এবং জিজিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নূরে আলম।

প্রস্তুতিমূলক কাজ চলছে

জিজিআইয়ের সিইও মোহাম্মদ নূরে আলম বাসসকে জানান, অক্টোবরে চুক্তি স্বাক্ষরের পর থেকে প্রকল্পটি প্রস্তুতিমূলক পর্যায়ে রয়েছে। এ পর্যায়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কারিগরি নকশা, প্রকৌশল, যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহের কাজ চলছে।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর একটি অত্যন্ত নিয়ন্ত্রিত, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা। তাই এ ধরনের বন্দরে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বিষয় সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হয়।

সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ছাদের প্রস্তুতি, যন্ত্রপাতি ওঠানো-নামানোর উপযোগী প্রবেশপথ, বিস্তারিত বৈদ্যুতিক নকশা ও সংযোগপদ্ধতি নির্ধারণ, নেট মিটারিং ব্যবস্থা, সরঞ্জাম সংগ্রহ ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। পাশাপাশি নির্মাণকাজের জন্য পৃথক প্রকল্পভিত্তিক বিদ্যুৎ সংযোগ ও মিটার স্থাপন এবং প্রয়োজনীয় জনবল ও অন্যান্য সম্পদ নিয়োগের বিষয়ও রয়েছে।

বন্দরের বিদ্যুৎ চাহিদা ৭ থেকে ১৩ মেগাওয়াট

বাংলাদেশের অধিকাংশ আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এসব কার্যক্রম পরিচালনায় বন্দরে রয়েছে ১৮টি কি গ্যান্ট্রি ক্রেনসহ ১০ ধরনের প্রায় ১৬৯টি বিশেষায়িত ক্রেন। এ ছাড়া জেটি ও কনটেইনার ইয়ার্ডে ব্যবহৃত হয় ২২ ধরনের ২৭২টি যন্ত্রপাতি। পণ্য পরিবহন ও অভ্যন্তরীণ যাতায়াতে রয়েছে ৩০ হাজারের বেশি যানবাহন।

এসবের বেশির ভাগই জীবাশ্ম জ্বালানিনির্ভর। বর্তমানে বন্দরের দৈনিক বিদ্যুতের চাহিদা ৭ থেকে ১৩ মেগাওয়াটের মধ্যে ওঠানামা করে। এ জন্য প্রতি মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) ৫০ কোটি টাকার বেশি বিল দিতে হয়।

প্রকল্পের আওতায় দিনে সর্বোচ্চ ৮ দশমিক ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দিনের বেলায় বন্দরের গড় বিদ্যুৎ চাহিদা প্রায় সাত মেগাওয়াট হওয়ায় উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ থাকবে। তবে এ জন্য নেট মিটারিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

চুক্তি অনুযায়ী, দিনে সৌরবিদ্যুৎ এবং রাতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করে বন্দরের কার্যক্রম পরিচালিত হবে।

২০ বছর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে জিজিআই

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জিজিআই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে অপারেটিং এক্সপেনস (ওপেক্স) মডেলে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রতিষ্ঠানটি সৌরবিদ্যুৎকেন্দ্রের নকশা প্রণয়ন, সরঞ্জাম সংগ্রহ, নির্মাণ, পরীক্ষা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। ফলে প্রকল্প বাস্তবায়নে শুরুতে বন্দর কর্তৃপক্ষকে কোনো মূলধনি বিনিয়োগ করতে হবে না।

বাণিজ্যিক উৎপাদন শুরুর পরবর্তী ২০ বছর জিজিআই বন্দরকে সৌরবিদ্যুৎ সরবরাহ করবে। নির্ধারিত ট্যারিফে এ বিদ্যুৎ কিনবে বন্দর কর্তৃপক্ষ। প্রকল্পের আওতায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম সরকারি নির্ধারিত সর্বোচ্চ সীমা ১০ টাকা ৫০ পয়সার মধ্যে রাখা হয়েছে।

কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যের সঙ্গে সংগতি রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দরে প্রতিবছর চার হাজারের বেশি আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ আসা-যাওয়া করে। ভবিষ্যতে উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ এসব জাহাজে সরবরাহ করা গেলে বন্দরে অবস্থানের সময় ভারী তেলচালিত জেনারেটর বন্ধ রাখা সম্ভব হবে। এতে বায়ুদূষণ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. জাফর আলম বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো জরুরি। বন্দরের যন্ত্রপাতি ও জাহাজ থেকে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হয়। বর্তমানে ব্যবহৃত বিদ্যুতের বড় অংশও জীবাশ্ম জ্বালানিনির্ভর উৎস থেকে আসে। বন্দরের ছাদ ও ফাঁকা শেড কাজে লাগাতে পারলে ভবিষ্যতে সৌরবিদ্যুৎ উৎপাদনক্ষমতা ২০ থেকে ২৫ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব।

কার্বন নিঃসরণবিষয়ক গবেষক ড. মোহাম্মদ আল আমিন বলেন, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে আনতে বন্দরকে দ্রুত সৌরবিদ্যুতের আওতায় আনা কার্যকর পদক্ষেপ। জাহাজ বন্দরে অবস্থানের সময় সৌরবিদ্যুৎ দিয়ে প্রয়োজনীয় কার্যক্রম চালানো গেলে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে রূপান্তর করা সম্ভব।

ফেব্রুয়ারি থেকে আংশিক বিদ্যুৎ সরবরাহের প্রত্যাশা

বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, প্রকল্পটি চালু হলে দিনের বেলায় সৌরবিদ্যুৎ ব্যবহার করে জাতীয় গ্রিডের ওপর বন্দরের চাপ কমানো সম্ভব হবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুতের ব্যবহারও কমবে।

তিনি জানান, আগামী ফেব্রুয়ারি থেকে আংশিক সৌরবিদ্যুৎ সরবরাহ শুরুর প্রত্যাশা করছে বন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বন্দর এলাকার শেডগুলোর ছাদে প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ শুরু হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, বন্দরের অব্যবহৃত ছাদ ও স্থাপনাগুলোকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে কাজে লাগানোর এ উদ্যোগ দেশের অন্যান্য বন্দর ও শিল্পপ্রতিষ্ঠানের জন্যও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হতে পারে। তবে চট্টগ্রাম বন্দরকে পূর্ণাঙ্গ গ্রিন পোর্টে রূপান্তর করতে সৌরবিদ্যুতের পাশাপাশি জাহাজ, ক্রেন, পণ্য ওঠানামার যন্ত্রপাতি ও অভ্যন্তরীণ পরিবহনে জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারও বাড়াতে হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন