সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হারানো ফোন-লাগেজ উদ্ধার, শিশুকে স্বজনের কাছে ফেরালেন আনসার সদস্যরা

রাজধানীর রমনা পার্ক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক তিনটি ঘটনায় হারানো মোবাইল ফোন ও লাগেজের প্রকৃত মালিক এবং স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এক শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

একটি হারানো মোবাইল ফোন, ফেলে যাওয়া লাগেজ কিংবা স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশু—প্রতিটি ঘটনার সঙ্গেই জড়িয়ে থাকে কারও না কারও উদ্বেগ ও উৎকণ্ঠা। এমন পরিস্থিতিতে দায়িত্বশীলতা, সততা ও মানবিকতার পরিচয় দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

রোববার রাজধানীর তিনটি পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। সংশ্লিষ্ট আনসার সদস্যদের তৎপরতায় হারানো সম্পদ ফিরে পান প্রকৃত মালিকেরা। একই সঙ্গে স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুটিও ফিরে পায় তার বাবাকে।

রমনা পার্কে হারানো আইফোন উদ্ধার

সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের রমনা থানাধীন রমনা পার্কে টহল ডিউটিরত এপিসি ওমর ফারুক পার্কের ভেতরে একটি আইফোন ১১ প্রো ম্যাক্স পড়ে থাকতে দেখেন।

তিনি ফোনটি নিজের হেফাজতে নিয়ে মালিকের সন্ধানে চেষ্টা শুরু করেন। একপর্যায়ে ফোনে আসা একটি ইনকামিং কলের মাধ্যমে মালিকের পরিচয় শনাক্ত করেন। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ফোনটি প্রকৃত মালিক ফাহমিদা তাবাসসুম খানমের কাছে হস্তান্তর করেন।

বিমানবন্দরে মালিকবিহীন লাগেজ উদ্ধার

একই দিন দুপুর ১২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় দায়িত্ব পালনকালে এপিসি মো. আকবর আলী ও আনসার সদস্য মো. রুহুল আমিন মিডিয়া কর্নারের সামনে একটি মালিকবিহীন লাগেজ দেখতে পান।

তাঁরা লাগেজটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন এবং মালিকের সন্ধানে খোঁজখবর শুরু করেন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় লাগেজের মালিক মোছা. আসমা বেগমকে শনাক্ত করেন তাঁরা। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও মালিকানা নিশ্চিত করে লাগেজটি তাঁর কাছে বুঝিয়ে দেন।

ঢামেকে শিশুকে বাবার কাছে হস্তান্তর

অন্যদিকে, দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে চার বছর বয়সী আবু বক্কর সিদ্দিককে একা কান্নাকাটি করতে দেখেন এপিসি মো. মোজাম্মেল হক ও আনসার সদস্য মো. ইমরান হোসেন।

তাঁরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে যান এবং স্বজনদের সন্ধানে খোঁজ শুরু করেন। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় শিশুটির বাবা সুরুজ মিয়াকে শনাক্ত করা সম্ভব হয়। এ সময় শিশুটিও তার বাবাকে চিনতে পারে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিশুটিকে নিরাপদে বাবার কাছে হস্তান্তর করা হয়।

দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক উদ্যোগ

পৃথক তিনটি ঘটনায় আনসার সদস্যদের দায়িত্বশীল ও মানবিক উদ্যোগে স্বস্তি ফিরে আসে সংশ্লিষ্ট পরিবারগুলোর মধ্যে। হারানো সম্পদ ফিরে পাওয়া কিংবা বিচ্ছিন্ন হয়ে পড়া প্রিয়জনকে আবার কাছে পাওয়ার আনন্দ তাঁদের কাছে নিঃসন্দেহে অমূল্য।

দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের বিপদে পাশে দাঁড়ানোর এই মানসিকতা বাহিনীর সততা, মানবিক মূল্যবোধ ও পেশাদারিত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন